Abhishek Banerjee
Bengal Liberty: ফের আইনি বিতর্কে জড়ালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে ১২ ঘণ্টার ব্যবধানে দুটি এফআইআর দায়ের হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস বিষ্ণুপুর থানা এবং কালিতলা-আসুতি থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়, বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক দিলীপ মণ্ডল-সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করা হয়েছে (Abhishek Banerjee)।

৫৫০ কোটি টাকার দুর্নীতি: (Abhishek Banerjee)
অভিযোগকারীর দাবি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে প্রায় ৫৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর মধ্যে ত্রাণ সামগ্রী বণ্টনে অনিয়ম ও আত্মসাতের মাধ্যমে প্রায় ২৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়াও, অবৈধভাবে মাটি কাটার মাধ্যমে প্রায় ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রায় ১৬৩ বিঘা জমি থেকে গভীরভাবে মাটি কাটা হয়েছে, যার ফলে পরিবেশের ক্ষতি হয়েছে এবং আশপাশের কিছু বাড়িতে প্রভাব পড়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, অবৈধ মাটি কাটার জেরে প্রায় ৫৩.৯৮ একর জমি ও জলাশয়ের চরিত্র পরিবর্তন হয়েছে। জোকা মেট্রোর কারশেড সংলগ্ন এলাকাতেও বিস্তীর্ণ জমি জলাশয়ে পরিণত হয়েছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগকারী অভিজিৎ দাসের দাবি, এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় এবং দিলীপ মণ্ডল জড়িত। সেই কারণেই ৩০০ কোটি টাকার মাটি কাটার দুর্নীতি এবং ২৫০ কোটি টাকার ত্রাণ দুর্নীতির অভিযোগে পৃথক এফআইআর দায়ের করা হয়েছে (Abhishek Banerjee)।
তবে অভিযোগগুলির বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকা প্রতারণা, বিপাকে মানস ভুঁইয়া


