Manas Bhunia
Bengal Liberty: চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে জড়িয়ে পড়লেন সবংয়ের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। তাঁর পাশাপাশি এই মামলায় আরও দু’জনের নাম জড়িয়েছে— জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেক আবু কালাম বক্স এবং ভোলা নাথ দে।

অভিযোগের বিস্তারিত (Manas Bhunia)
সবংয়ের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক বাসিন্দা গত ১০ জুন সবং থানায় এই তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর দাবি, চলতি বছরের ১ মার্চ তাঁর স্ত্রীকে তেমাথানী ইরিগেশন বাংলোয় কাজে যোগ দেওয়ানো হয়েছিল। বিনিময়ে মানস ভুঁইয়া ও তাঁর সহযোগীরা ৫ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। শুরুতে এক মাসের বেতন হিসেবে ১১ হাজার টাকা অ্যাকাউন্টে এলেও, গত ৬ মে থেকে তাঁকে কাজে যোগ দিতে বাধা দেওয়া হয়। এরপর থেকেই ওই মহিলাকে বিভিন্ন কটূক্তির শিকার হতে হচ্ছে।

আইনি পরিস্থিতি (Manas Bhunia)
সবং থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে বিএসএন (BNS)-এর ৩১৮(৪) ও ৬১(২) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া সহ অভিযুক্তরা জেলা আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেছেন। প্রসঙ্গত, গত ১৩ জুন মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসেজ পাঠিয়ে মানস ভুঁইয়া তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন।

প্রাক্তন মন্ত্রীর প্রতিক্রিয়া (Manas Bhunia)
পুরো বিষয়টি নিয়ে সবংয়ের প্রাক্তন বিধায়ক মানস রঞ্জন ভুঁইয়া সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি এমন কোনো কাজ করিনি। এছাড়া আমার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, তা-ও আমার জানা নেই।”
প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারী পরিবারের দাবি, যারা এই প্রতারণার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যেন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়।


