Rudranil Ghosh
Bengal Liberty:
টলিউডে শিল্পীদের স্বার্থ ও বিভিন্ন পেশাগত বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে গড়ে উঠল নতুন ফোরাম ‘পারফরম্যান্স অফ বেঙ্গল’ (Rudranil Ghosh)। গতকাল অভিনেতা তথা বিধায়ক ‘রুদ্রনীল ঘোষের’ নেতৃত্বে এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়। মূলত গায়ক, গায়িকা এবং সংগীত শিল্পীদের নিয়ে তৈরি হওয়া এই মঞ্চকে অরাজনৈতিক বলেই দাবি করা হয়েছে। উদ্বোধনী বৈঠকে উপস্থিত ছিলেন, শিলাজিৎ মজুমদার, অনিন্দ্য বসু, রাঘব চট্টোপাধ্যায় এবং সিধু – সহ সংগীত জগতের একাধিক পরিচিত মুখ।

রুদ্রনীলের নেতৃত্বে টলিউডে নতুন মঞ্চ
নতুন এই ফোরামের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে রুদ্রনীল জানান, শিল্পীদের মতামত ও বিভিন্ন দাবি-দাওয়াকে সংগঠিতভাবে তুলে ধরার জন্যই এই উদ্যোগ। সংগঠনের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা, সমস্যা এবং প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। পরবর্তীকালে সেই বিষয়গুলি সংশ্লিষ্ট প্রশাসনিক স্তরে পৌঁছে দেওয়ার ও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুদ্রনীল বলেন, শিল্পীদের সুস্থ ও স্বচ্ছ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই মঞ্চ তৈরি হয়েছে। তার কথায়, দীর্ঘদিন ধরে যারা নিজেদের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে শ্রোতাদের মন জয় করেছেন, তাদের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া জরুরি। সেই কারণেই সংগীতশিল্পীদের জন্য একটি স্বাধীন ও সম্মিলিত প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। রুদ্রনীলের দাবি, দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কিছু ব্যবস্থার মাধ্যমে শিল্পীদের মূল্যায়ন করা হতো, যা নিয়ে অনেকের মধ্যেই অসন্তোষ ছিল। গত কয়েক মাসে বিশেষ করে মহিলা শিল্পীদের নানা সমস্যার বিষয়টিও সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে শিল্পীদের নিরাপত্তা, মর্যাদা এবং পেশাগত স্বার্থ রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা জানায় নতুন ফোরাম। পাশাপাশি মহিলা শিল্পীদের সম্মান ও নিরাপত্তা বজায় রাখার বিষয়েও সক্রিয় ভূমিকা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনও সমস্যা দেখা দিলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার কাজও করবে এই নবগঠিত সংগঠন।


