TMC
Bengal Liberty : রাজ্যের পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসে শুরু হয়েছে নেতাদের দলত্যাগের হিড়িক। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরাতে এবং বিদ্রোহী নেতাদের সামাল দিতে এবার একেবারে নতুন ধাঁচে পাঁচ সদস্যের শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন কমিটির নেতৃত্বে কারা? (TMC)
শনিবার কালীঘাটে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এই নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। কমিটিতে রাখা হয়েছে দোলা সেন, অসীমা পাত্র, শুভাশিস চক্রবর্তী, শোভনদেব চট্টোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনকে। এর মধ্যে ডেরেক ও’ব্রায়েনকে কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিতে আলাদা করে কোনো চেয়ারম্যান পদ রাখা হয়নি।

কেন এই রদবদল? (TMC)
পূর্ববর্তী কমিটির দায়িত্বে থাকা অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম বর্তমানে বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন বলে অভিযোগ, তাই তাঁদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছে।
তৃণমূলের অন্দরে অস্থিরতা চরমে। প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের ওপর ভরসা রাখতে গিয়েও বারবার হোঁচট খাচ্ছে দল। দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের প্রদীপ সরকার কিংবা বর্ধমানের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মতো নেতাদের ইস্তফা দেওয়ার ঘটনা দলের অন্দরে ভাঙনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
রাজ্যে পালাবদলের পর দুর্নীতির অভিযোগে ধরপাকড় এবং জনরোষের মুখে ‘ডিম থেরাপি’র ভয়ে অনেক নেতা এখন সাংগঠনিক দায়িত্ব থেকে দূরে থাকতে চাইছেন।
এই পরিস্থিতিতে দলের ভাঙন রুখতে এবং শৃঙ্খলা ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিশ্বস্ত নেতাদের ওপরই শেষমেশ বাজি ধরলেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিদ্রোহের এই আবহে নতুন এই কমিটি কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি, এই বৈঠকে সাংসদ নাদিমুল হককে দলের জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।


