Russia Ukraine War
Bengal Liberty, ২১ জুন ২০২৬ : কয়েকদিন আগেই মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলা(Russia Ukraine War) চালিয়েছিল ইউক্রেন। সেই ঘটনার পর রাশিয়াকে কড়া বার্তা দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে বড়সড় ড্রোন হামলার খবর সামনে এসেছে।
ফের তেল শোধনাগারে হামলা(Russia Ukraine War)
রাশিয়ার আরও গভীরে আঘাত হেনে পশ্চিম সাইবেরিয়ার টিয়ুমেন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২,০০০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকায় বিস্ফোরণ ও আগুন লাগার খবর পাওয়া গেছে। ইউক্রেনের দাবি, তাদের দীর্ঘ-পাল্লার ড্রোন সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

টিয়ুমেনের এই তেল শোধনাগারটি রাশিয়ার অন্যতম আধুনিক ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো। প্রতিবছর এখানে প্রায় ৬ মিলিয়ন টন অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ করা হয় এবং বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল উৎপাদিত হয়।
তবে রাশিয়ার আঞ্চলিক প্রশাসন দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করেছে এবং প্রাথমিকভাবে শোধনাগারের কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল।
হামলার প্রেক্ষাপট(Russia Ukraine War)
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাশিয়ার যুদ্ধ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করাই ইউক্রেনের দীর্ঘমেয়াদি কৌশলের অংশ। তিনি আরও জানান, ইউক্রেন এমন আধুনিক ড্রোন তৈরি করেছে যা ৩,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম।

যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ(Russia Ukraine War)
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার চার বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সংঘাতের কোনও স্থায়ী সমাধান এখনও সামনে আসেনি। একদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত ও অস্থিরতা, অন্যদিকে ইউরোপে চলমান এই যুদ্ধ আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও যুদ্ধবিরতির সম্ভাবনা এখনও অনিশ্চিত। ফলে বিশ্বজুড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?


