Government Holiday
Bengal Liberty :
প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি সংরক্ষণে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্যের নতুন বিজেপি সরকার (Government Holiday)। পৈতৃক ভিটের সংস্কার থেকে শুরু করে ১২৫ ফুট উচ্চতার স্মারক নির্মাণ, আধুনিক গ্রন্থাগার ও পার্ক গড়ে তোলার পরিকল্পনা— একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পাশাপাশি ড. মুখোপাধ্যায়ের জন্মদিনে সরকারি ছুটির ঘোষণাও করা হয়েছে।

৬ জুলাই সরকারি ছুটি Government Holiday
সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করে অর্থমন্ত্রী জানান, হুগলির বলাগড় ব্লকের জিরাটে অবস্থিত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িটি সংস্কার করা হবে। পাশাপাশি সেখানে তাঁর স্মৃতিকে সংরক্ষণ করতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। এছাড়া তাঁর নামে একটি আধুনিক গ্রন্থাগার ও পার্ক গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়াও কলকাতায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে ১২৫ ফুট উচ্চতার একটি স্মারক বা ভাস্কর্য নির্মাণের কথাও পুনর্ব্যক্ত করেন অর্থমন্ত্রী। আগামী ৬ জুলাই এই প্রকল্পের ভূমিপুজো হওয়ার কথা রয়েছে। যদিও এখনও স্মারকটির নির্দিষ্ট স্থান ঘোষণা করা হয়নি, রাজ্য সরকার জানিয়েছে কলকাতার উপযুক্ত স্থান নির্বাচন করেই এটি নির্মাণ করা হবে।
বাজেটে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সরকারি কর্মীদের জন্য। আগামী দিনে প্রতি বছর ৬ জুলাই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।


