West Bengal Budget
Bengal Liberty : বছরের পর বছর বন্যার যন্ত্রণা সহ্য করে আসছেন ঘাটাল ও সংলগ্ন এলাকার মানুষ (West Bengal Budget)। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিভিন্ন সময়ে একাধিক ঘোষণা ও প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ২০২৫ সালে তৎকালীন তৃণমূল সরকার এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করলেও কাজের কাজ কিছুই হয়নি। এমন পরিস্থিতিতে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানকে ঘিরে নতুন করে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বন্যাপ্রবণ দুই মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকাকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই ১২০০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নের কথা জানানো হয়েছে। দেবের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর ইতিবাচক মন্তব্যের কথা আগেই জানিয়েছিলেন ঘাটালের সাংসদ। অবশেষে তা পূরণের পথে (West Bengal Budget)।

স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে জোর (West Bengal Budget)
সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রকল্প হিসেবে ১২০০ কোটি টাকা ব্যয়ে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে। তাঁর দাবি, এই প্রকল্পের মাধ্যমে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।উল্লেখ্য, ২০২৫ সালের বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। সেই সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, আগামী দু’বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। তারও আগে সেচমন্ত্রী মানস ভুঁইয়া প্রায় ১,২৩৮ কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করে ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরুর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান ছিল অধরাই।
প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর ঘাটালের সাংসদ দেবও এই প্রকল্প বাস্তবায়নের জন্য বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর আস্থা প্রকাশ করেছিলেন। গত ৯ জুন কোলাঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়নের আবেদনও জানান তিনি। সেই আবহেই রাজ্য বাজেটে ১২০০ কোটি টাকার নতুন ঘোষণা ঘাটালবাসীর দীর্ঘদিনের প্রত্যাশাকে আরও উস্কে দিল। বলাই বহুল্য মুখ্যমন্ত্রীর সাথে দেবের বৈঠক বিফলে গেল না।



