Abhishek Banerjee
Bengal Liberty : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত তৃণমূল সমর্থিত বেসরকারি পেনশন প্রকল্প ‘শ্রদ্ধার্ঘ্য’কে ঘিরে নতুন বিতর্ক (Abhishek Banerjee)। প্রকল্পের অর্থের উৎস, পরিচালনা পদ্ধতি এবং উপভোক্তা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ২০২৪ সালের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগে প্রকল্পের আর্থিক লেনদেন এবং প্রশাসনিক স্বচ্ছতা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। এর আগেও অবশ্য মাটি চুরি এবং আমফানে ত্রাণ বণ্টনে দুর্নীতির অভিযোগে প্রায় ৫৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ববির একের পর এক শটে হিমশিম খাচ্ছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তহবিলের উৎস এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন (Abhishek Banerjee)
অভিযোগে দাবি করা হয়েছে, ‘শ্রদ্ধার্ঘ্য’ প্রকল্পের আওতায় প্রায় ৭৬ হাজার প্রবীণ নাগরিক প্রতি মাসে ১,০০০ টাকা করে আর্থিক সহায়তা পান। সেই হিসাবে বছরে প্রায় ৯১.২ কোটি টাকার তহবিল প্রয়োজন হয়। এত বিপুল পরিমাণ অর্থ কীভাবে সংগ্রহ করা হচ্ছে এবং কীভাবে তা পরিচালিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। তাঁর দাবি, প্রকল্পের দাতা তালিকা, আর্থিক হিসাব, উপভোক্তাদের তথ্য বা তহবিল ব্যবস্থাপনা সংক্রান্ত কোনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে নেই। তাই প্রকল্পের অর্থের উৎস, সংগ্রহ এবং বণ্টন প্রক্রিয়া নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।

উপভোক্তা নির্বাচন ও তথ্য ব্যবহারের তদন্তের দাবি (Abhishek Banerjee)
অভিযোগে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে উপভোক্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে। অভিযোগকারীর দাবি, দুয়ারে সরকার শিবিরে সরকারি বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদনকারীদের জমা দেওয়া ব্যক্তিগত তথ্য পরবর্তীতে ‘শ্রদ্ধার্ঘ্য’ প্রকল্পে ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এই কারণেই সমস্ত আর্থিক নথি, ব্যাঙ্ক লেনদেনের তথ্য, ডিজিটাল যোগাযোগ, উপভোক্তাদের ডেটাবেস এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের আবেদন জানানো হয়েছে পুলিশের কাছে। অভিযোগে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে যদি কোনও আমলযোগ্য অপরাধের ইঙ্গিত পাওয়া যায়, তাহলে এফআইআর দায়ের করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক। একই সঙ্গে প্রকল্পের আর্থিক দিকগুলি খতিয়ে দেখতে আয়কর দফতর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-সহ সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে বিষয়টি পাঠানোরও দাবি জানানো হয়েছে।অভিযোগকারীর বক্তব্য, বিপুল অঙ্কের আর্থিক লেনদেন এবং হাজার হাজার উপভোক্তার সঙ্গে যুক্ত এই প্রকল্পের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই তাঁর মূল উদ্দেশ্য।



