Fake army
সেনাকর্মীদের মতো ‘জংলি’ ছাপ পোশাক পরে ভুয়ো পরিচয় দিয়ে ঘোরাঘুরি, শেষ পর্যন্ত গ্রেফতার দুই যুবক (Fake Army)। মঙ্গলবার রাতে হেস্টিংস এলাকায় একটি স্করপিও গাড়ি আটক করে ট্রাফিক পুলিশ। তল্লাশিতে দেখা যায়, গাড়িতে থাকা এক যুবক সেনা বা অন্য কোনও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মতো দেখতে ‘জংলি’ ছাপ পোশাক পরে রয়েছেন। সন্দেহ হওয়ায় দু’জনকেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আকাশ সোনার ওরফে বিজয় সোনার এবং শেখ আব্বাসউদ্দিন। আকাশের বাড়ি টিটাগড়ের মুক্তাপুকুর নতনপাড়া এলাকায়, অপরদিকে আব্বাসউদ্দিন পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার গুয়াবেরিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্তদের কাছ থেকে কোনও সন্তোষজনক উত্তর না মেলায় হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) মামলা রুজু করা হয়।

সেনাবাহিনীর পোশাকসদৃশ পোশাক Fake Army
তদন্তকারীদের দাবি, অভিযুক্ত আকাশ সোনার সেনাবাহিনীর সদস্য সেজে জংলি ছাপ পোশাক পরে সাধারণ মানুষ, ট্রাফিক পুলিশ এবং অন্যান্য সরকারি আধিকারিকদের বিভ্রান্ত করতেন। তাঁর সহযোগী আব্বাসউদ্দিন ব্যক্তিগত স্করপিও গাড়ি (নম্বর WB29B4659) চালাতেন। এই ভুয়ো পরিচয়ের মাধ্যমে রাস্তায় যাতায়াতের সময় সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত বিভিন্ন সুবিধা বেআইনিভাবে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
আইনি প্রক্রিয়া মেনে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ওই পোশাক এবং ব্যবহৃত স্করপিও গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


