Manas Bhunia
Bengal Liberty: দল ছাড়ার পরেই নিয়োগ দুর্নীতির অভিযোগে কোণঠাসা রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। সবংয়ের তেমাথানি ইরিগেশন বাংলোয় কেয়ারটেকার পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সাতবারের বিধায়ক।

অভিযোগের প্রেক্ষাপট (Manas Bhunia)
সবংয়ের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বিকাশকুমার টুং সবং থানায় অভিযোগ দায়ের করেন যে, প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়ার মধ্যস্থতায় ৫ লক্ষ টাকার বিনিময়ে তাঁর স্ত্রীকে কেয়ারটেকার পদে নিয়োগ করা হয়েছিল। অভিযোগ, নিয়োগের মাত্র দুই মাসের মধ্যেই কোনো কারণ দর্শানো ছাড়াই ওই মহিলাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে সবং থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করে প্রাক্তন মন্ত্রীকে নোটিস পাঠায়।

আইনি লড়াই ও অবস্থান (Manas Bhunia)
তৃণমূল ছাড়ার পর থেকে জনসমক্ষে সেভাবে দেখা না গেলেও, গ্রেফতারির আশঙ্কায় বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রক্ষাকবচ চেয়ে আবেদন জানান মানস ভুঁইয়া। আদালত এই মামলাটি শুনানির অনুমতি দিয়েছে। এর আগে মেদিনীপুর জেলা আদালতে প্রাক্তন মন্ত্রী আগাম জামিনের আবেদন জানালেও, সেই শুনানি আগামী ২৯ জুন পর্যন্ত স্থগিত রয়েছে। তবে সমস্ত অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন মানস ভুঁইয়া। তাঁর কথায়, ৫৬ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন কোনো অভিযোগ ওঠেনি, যা তাঁর স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের ছত্রছায়া থেকে বেরিয়ে আসার পরেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এহেন আইনি তৎপরতা নতুন নয়। এখন উচ্চ আদালত প্রাক্তন মন্ত্রীকে কোনো অন্তর্বর্তীকালীন স্বস্তি দেয় কি না, সেদিকেই তাকিয়ে সবংয়ের রাজনৈতিক মহল।


