Abhishek Banerjee CID
Bengal Liberty:
একের পর এক আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এবার ভোট প্রচারে ‘ডিজে’ মন্তব্য সংক্রান্ত মামলায় ফের তাঁর বাড়িতে পৌঁছল সিআইডি। বুধবার সন্ধ্যায় সিআইডি আধিকারিকরা অভিষেকের বাড়িতে গিয়ে বিধাননগর আদালতের নির্দেশের কপি এবং নোটিস পৌঁছে দেন। আগামী ৩০ জুন আদালতে উপস্থিত হয়ে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ রয়েছে। সেই সংক্রান্ত নোটিসই হাতে তুলে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা
উল্লেখ্য, গত ২৩ জুন ‘ডিজে’ মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার অনুমতি চেয়ে বিধাননগর আদালতের দ্বারস্থ হয়েছিল সিআইডি। তদন্তকারী সংস্থার দাবি, এই মামলায় ইতিমধ্যেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একাধিক প্রযুক্তিগত তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তবে যে মন্তব্যকে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছে, সেটি আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর কি না, তা নিশ্চিত করতেই ভয়েস স্যাম্পল পরীক্ষা প্রয়োজন বলে আদালতে জানায় সিআইডি।

সিআইডির সেই আবেদন মঞ্জুর করে আদালত। নির্দেশানুযায়ী, আগামী ৩০ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে উপস্থিত হয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। সেই নির্দেশ কার্যকর করতেই বুধবার সন্ধ্যায় তাঁর বাড়িতে গিয়ে নোটিস ধরিয়ে দেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একদিকে দলের অন্দরের সমস্যা, অন্যদিকে একের পর এক আইনি চাপ! নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।


