Finance Minister
Bengal Liberty:
রাজ্যের বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ নিয়ে শীঘ্রই শ্বেতপত্র প্রকাশ করবে রাজ্য সরকার (Swapan Dasgupta)। বৃহস্পতিবার বাজেট আলোচনার ভাষণে এই ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ছিল একটি ইউনিভার্সাল প্রকল্প, যেখানে সকলেই সুবিধা পেত। অর্থমন্ত্রীর কথায়, “আমার স্ত্রীও সেই প্রকল্পের সুবিধা পেতে পারতেন।” বর্তমান সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’ শুধুমাত্র প্রকৃত উপভোক্তাদের কথা মাথায় রেখেই চালু করেছে রাজ্য। অর্থমন্ত্রী স্বপন জানিয়েছেন, সন্দেশখালিতে একটি মহিলা থানা তৈরী হবে।

পাশাপাশি শিল্পোন্নয়নের লক্ষ্যে পুজোর আগেই ‘ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক’ ঘোষণা করা হবে। রাজ্যে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
শ্বেতপত্রের ঘোষণা
কেন আজ রাজ্যের উপর এত পরিমাণ ঋণের বোঝা ? কোন দফতরের দুর্নীতির জন্য রাজ্য জুড়ে বিপুল পরিমাণ দেনার সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন রাজ্যের অর্থমন্ত্রী। বিগত অর্থনৈতিক দুর্নীতির খতিয়ান তুলে ধরে একটি ‘শ্বেতপত্র’ প্রকাশ করার কথা ঘোষণা করেন তিনি। শ্বেতপত্র হল সরকারের প্রকাশ করা একটি তথ্যভিত্তিক রিপোর্ট, যেখানে কোনও বিষয়ের বর্তমান অবস্থা, সমস্যা এবং সমাধানের পরিকল্পনা তুলে ধরা হয়। বিগত সরকারের কোন খাতে কত পরিমাণ দুর্নীতি হয়েছে, ভারতের নিয়ামক ও মহাহিসাব পরীক্ষক প্রতিটা দফতর ধরে ধরে আর্থিক দুর্নীতি খতিয়ে দেখবে এবং সরকার সেই সব রিপোর্ট জনসমক্ষে আনবে।
মহার্ঘ ভাতা প্রসঙ্গে পূর্বতন সরকারকে কটাক্ষ করে অর্থমন্ত্রী স্বপন জানিয়েছেন, ” আগে সরকারি কর্মীদের মাত্র ৪ শতাংশ DA দেওয়া হত। তবে আগামী মার্চ মাসের পূর্ণাঙ্গ বাজেটের আগে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। হেমতাবাদে একটি ডিগ্রি কলেজ ও কালিয়াগঞ্জে মহিলাদের জন্য বিশেষ কলেজ গড়ে তোলা হবে। নারী নিরাপত্তার স্বার্থে সন্দেশখালিতে একটি মহিলা থানা তৈরির ঘোষণাও করা হয়েছে অধিবেশনে। পাহাড়, সুন্দরবন ও রাজ্যের অন্যান্য এলাকার জন্য ২০০ সদস্যের আধুনিক বিপর্যয় মোকাবিলা বাহিনী গঠন করা হবে। অর্থমন্ত্রী জানান, আগামী দিনে নিরাপদ ও উন্নত বাংলা গড়াই সরকারের লক্ষ্য। সেইসঙ্গে তিনি বলেন, রাজ্যে যেন আর কোনও আরজি কর-কাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।


