Bengal Liberty:
ওবিসি সংশোধনী বিলকে কেন্দ্র করে বিধানসভায় চরম নাটকীয় পরিস্থিতি। ভোটাভুটির ঠিক আগে ওয়াকআউট, দলের অন্দরে বিভ্রান্তি সব মিলিয়ে সরগরম হয়ে উঠল বিধানসভা। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ সমর্থনে পাশ হয়ে গেল বহুল আলোচিত ওবিসি সংশোধনী বিল।

ভিতরে থাকলেন ৫ বিধায়ক
সোমবার বিধানসভায় ওবিসি সংশোধনী বিল পেশের পর দীর্ঘ আলোচনা হয়। এরপর ভোটাভুটির সময় স্পিকার নির্দেশ দিতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ একদল তৃণমূল বিধায়ক অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান। তাদের মধ্যে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা ও শিউলি সাহা-সহ একাধিক বিধায়ক। তবে ঋতব্রত শিবিরের সকলেই যে বেরিয়ে যেতে পেরেছিলেন তা নয়। ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, হাসনের কাজল শেখ, বসিরহাট উত্তরের তৌসিফুর রহমান, সাগরদিঘির বায়রন বিশ্বাস এবং মুরারইয়ের মোশারফ হোসেন অধিবেশন কক্ষেই থেকে যান।
স্পিকার ভোটাভুটির ঘোষণা করার পর নির্ধারিত সময়ের মধ্যে তারা বেরোতে না পারায় আর তাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এই পাঁচ বিধায়ক ভোটাভুটিতে অংশ না নিলেও তাঁদের কাছে গিয়ে অভিনন্দন জানান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তার মন্তব্য, ‘আপনারা থেকে ঠিক করেছেন, ওরা বেরিয়ে গিয়েছে যাক।’ শেষ পর্যন্ত ভোটাভুটিতে ১৮৬ ভোটে বিলটি পাশ হয়। বিপক্ষে পড়ে ১৭টি ভোট এবং ৬ জন ভোটদানে বিরত থাকেন।


