Humayun Kabir
Bengal Liberty: বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আইনি চাপে পড়লেন আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর বাড়িতে দুটি পৃথক মামলায় নোটিস পৌঁছে দিয়েছে পুলিশ।

কী অভিযোগ? (Humayun Kabir)
অভিযোগ, গত ২৬ জুন রেজিনগরের একটি জনসভায় বিজেপি এবং পুলিশকে উদ্দেশ্য করে উস্কানিমূলক ও আপত্তিকর মন্তব্য করেছিলেন হুমায়ুন কবীর। এর আগে, ৭ জুন শক্তিপুরের একটি সভাতেও তিনি স্থানীয় থানার ওসিকে কড়া ভাষায় আক্রমণ করেন। এই দুই ঘটনার জেরে মুর্শিদাবাদের রেজিনগর ও শক্তিপুর থানায় তাঁর বিরুদ্ধে পৃথক এফআইআর দায়ের হয়েছে।
বিধানসভায় বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া সমালোচনা করেন। এরপরই পুলিশ তদন্তে তৎপর হয়।

পুলিশি তৎপরতা (Humayun Kabir)
সোমবার রাতে রেজিনগর ও শক্তিপুরে সংশ্লিষ্ট সভায় উপস্থিত থেকে উস্কানিমূলক স্লোগান ও বক্তব্য দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে দুটি নোটিস পৌঁছে দেওয়া হয়।
শক্তিপুর থানার মামলায় তাঁকে আগামী ৩ জুলাই এবং রেজিনগর থানার মামলায় ৪ জুলাই থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, নোটিস পৌঁছানোর সময় হুমায়ুন কবীর কলকাতায় থাকায় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না।


