Sonam Wangchuk
Bengal Liberty : আমরণ অনশনের ২০তম দিনে পৌঁছে অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে পরিবেশকর্মী ও শিক্ষক সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা (Sonam Wangchuk)। দীর্ঘদিন অনাহারের ফলে তাঁর শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে চিকিৎসকেরা আগেই আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে, সোনমের প্রসঙ্গে অভিনেতা আমির খান বলেন, “আমি সোনম ওয়াংচুক সম্পর্কে জানতাম না।” অভিনেতার এই মন্তব্যের পরই নেট দুনিয়ায় শুরু হয়েছে তীব্র জল্পনা (Sonam Wangchuk)।

আমির খানের বিস্ফোরক মন্তব্য (Sonam Wangchuk)
সূত্র মারফত জানা গেছে, লন্ডনের বিএফআই সাউথব্যাংকে (BFI Southbank) আয়োজিত একটি অনুষ্ঠানে এক দর্শক প্রশ্ন করেন-‘থ্রি ইডিয়টস’ ছবিটি কি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত? সঙ্গে সঙ্গেই সেই ভুল ধারণা ভেঙে দিয়ে আমির বলেন, “এটি সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যখন ‘থ্রি ইডিয়টস’ তৈরি করছিলাম, তখন আমি সোনম ওয়াংচুক সম্পর্কে কিছুই জানতাম না।” এদিকে, যন্তর মন্তরে সোনমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ‘থ্রি ইডিয়টস’ ছবির অন্যতম চরিত্র ‘চতুর’ (অভিনেতা ওমি বৈদ্য)। তার পরও কেন আমির খান এই বিষয়ে নীরব, তা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অঙ্গ বিকলের আশঙ্কা, তবুও অনশন ভাঙতে নারাজ ওয়াংচুক (Sonam Wangchuk)
অন্য দিকে, সোনমের আশঙ্কাজনক শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে দিল্লি হাইকোর্ট তাঁর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। তবে সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়াংচুক। গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে এই অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। তাঁর দাবি, ‘নিট’ (NEET)-সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। চিকিৎসকেরা জানিয়েছেন, অনশনের কারণে ওয়াংচুকের ওজন ইতিমধ্যে ৯ কেজিরও বেশি কমে গেছে। শরীরে গ্লুকোজের মাত্রা এতটাই কম যে, এখন চর্বি ও পেশি ক্ষয় করে শরীর শক্তি জোগাচ্ছে। রক্তে কিটোন ও ইউরিক অ্যাসিডের মাত্রাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। চিকিৎসকদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে যকৃৎ (লিভার) ও কিডনিসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে। তবুও অনশন প্রত্যাহারের আবেদন ফিরিয়ে দিয়ে ওয়াংচুক স্পষ্ট জানিয়েছেন, সরকারের নীরবতার প্রতিবাদে তিনি এই আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে অরবিন্দ কেজরিওয়াল, ওমর আবদুল্লাহ এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনসহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সংগঠন তাঁর স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

