Weather
Bengal Liberty
মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে (Weather Update)। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

কেন বাড়ছে বৃষ্টি? Weather Update
বর্তমানে একটি মৌসুমি অক্ষরেখা রাঁচি থেকে দিঘার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার ঘটেছে। পাশাপাশি, কয়েকদিন আগে তৈরি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে, যার অবস্থান ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে। এই প্রভাবেই মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া
সোমবার কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, শহরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস
মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে কমলা সতর্কতা
উত্তরবঙ্গে চলতি মরশুমে একাধিকবার ভারী বৃষ্টির জেরে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবারও সেই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে।
এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

