Mamata Banerjee
Bengal Liberty : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজয় এবং দলীয় ভাঙনের পর প্রথম ২১ জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক গুরুত্ব ছিল তুঙ্গে (Mamata Banerjee)। মঙ্গলবার কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে ‘কালীঘাট তৃণমূল’-এর শহিদ স্মরণসভা থেকে বিজেপি, দলত্যাগী নেতা এবং প্রশাসনের একাংশের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আন্দোলন জোরদারের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি, দলত্যাগীদের আর দলে না ফেরানোর আবেদন জানান তিনি (Mamata Banerjee)।

জেলা সফরের ঘোষণা মমতার (Mamata Banerjee)
সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাতের অন্ধকারে সভার সাউন্ড লাইনের তার কেটে এবং মঞ্চে ভাঙচুর চালিয়ে কর্মসূচি বানচালের চেষ্টা করেছে বিজেপি। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তারকাটা পার্টি’। দলত্যাগী নেতাদেরও কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘২ মাসও অপেক্ষা করতে পারল না ভোগীরা। তবে আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে যাচ্ছে। তাদের বলব, এইভাবে বিজেপির পাশবালিশ না হয়ে সরাসরি দলেই যোগ দিন। আপনাদের জায়গা পার্টির ছাত্র-যুবরাই নিয়ে নেবে।’ নিজের রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ টেনে মমতা আরও বলেন, ‘ওরা জানে না, আমার শুধু প্ল্যান এ থাকে না, প্ল্যান বি, সি, ডি সবই থাকে। এরপর আমি জেলায় জেলায় বেরোব, আটকানোর ক্ষমতা কার আছে দেখতে চাই।’

দলত্যাগীদের কড়া বার্তা (Mamata Banerjee)
২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আন্দোলন জারি রাখার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামী দিনে জেলায় জেলায় গিয়ে সংগঠনকে শক্তিশালী করবেন। প্রয়োজন হলে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেবেন বলেও ঘোষণা করেন। একইসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, ডিএ, হকার উচ্ছেদ-সহ একাধিক ইস্যুতে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী। বক্তব্যের শুরুতে দলের সাংসদ সংখ্যা প্রসঙ্গে মমতা বলেন, “আগে তো আমরা দু’জন এমপি ছিলাম। এখন তো ১৬-১৭ জন আছে। কোনও চিন্তা নেই। ফসল কাটা শেষ হয়নি।” এরপরই দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “সাহস থাকলে আমার সঙ্গে থাকবেন। নাহলে বিজেপির স্পনসরড টিমের সাথে না থেকে সরাসরি বিজেপিতে চলে যাবেন।” বিজেপি ও বিরোধী শিবিরকে একযোগে আক্রমণ করে মমতা বলেন, “তুমি প্রতীক কাড়লে, আমি ছাড়ব না। আমাদের প্রতীক কাড়তে পারে না। গায়ের জোরে করছে। আমি সুপ্রিম কোর্ট অবধি যাব। আর নাহলে আমি তোমাদেরও সবটা কেড়ে নেব।”

শেষে ফের সংগঠনকে চাঙা করার ডাক দিয়ে মমতা জানান, তিনি আগামী দিনে জেলার পর জেলা সফর করবেন এবং বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আরও জোরদার করবেন। নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করে তিনি স্লোগান দেন, “আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।” বক্তৃতার শেষে তাঁর বার্তা ছিল, “খেলা হবে।”
আরও পড়ুন :
Madan Mitra : মমতাকে ‘গান্ধারী’ বানালেন মদন! ফিরে আসার অনুরোধ ঋতর মঞ্চ থেকেই

