Baruipur news
Bengal Liberty
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে বারুইপুর থেকে গ্রেফতার করা হল রুম্মান কবিরকে। অভিযোগ, শনিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলের স্টোরিতে একটি ভিডিও পোস্ট করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন ও কুরুচিকর ভাষায় মন্তব্য করেন।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিতর্ক তৈরি হয়। রবিবার সকালে বারুইপুর পশ্চিম বিজেপির ১ নম্বর মণ্ডলের পক্ষ থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে বারুইপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযোগের প্রেক্ষিতে রুম্মান কবিরকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও, সংশ্লিষ্ট ডিজিটাল তথ্য ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।

আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বা তাঁর আইনজীবীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

