Bengal Liberty:
রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শনিবার হাবড়ায় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের আয়োজন করে হাবড়া নেতাজি প্রেমী নাগরিক মঞ্চ। এই কর্মসূচিতে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে শুরু হয়ে জয়গাছির নেতাজি মূর্তি পর্যন্ত যায়।

Netaji Subhash Chandra Bose
আয়োজকদের বক্তব্য, এই কর্মসূচির একমাত্র উদ্দেশ্য ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর অবদানকে কোনওভাবেই ছোট করে দেখা যায় না—এই বার্তা তুলে ধরা। তাঁদের দাবি, নেতাজি কেবল একজন রাজনৈতিক নেতা নন; তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান মুখ এবং অসংখ্য মানুষের কাছে দেশপ্রেমের প্রতীক।
আরও খবর
দুই শতাধিক মানুষের অংশগ্রহণ, নেতাজির সম্মান রক্ষার দাবিতে সরব নাগরিকরা
মিছিলে অংশ নেওয়া এক ব্যক্তির বক্তব্য, “অভয়া ঘটনার সময় যখন দল-মত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমেছিলেন, তখনও কিছু মানুষ পেটভর্তি অশিক্ষা নিয়ে তাঁদের কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু যে মানুষটি সিভিল সার্ভিসের মতো রাজকীয় জীবন ছেড়ে দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছিলেন, যাঁকে দেখে বাঙালি দেশপ্রেম শিখেছে, তাঁর জন্য গায়ে আবারও না হয় একটু দাগ লাগল। আমাদের এই প্রতিবাদ মিছিল শুধুমাত্র নেতাজির সম্মানের জন্য। যে দেশকে ভালোবাসে, সে নেতাজিকেও ভালোবাসে। যতদিন বাঙালির শরীরে রক্ত থাকবে, দেশপ্রেম থাকবে, ততদিন নেতাজির অপমান আমরা মেনে নেব না।”

Netaji Subhash Chandra Bose
নাগরিক মঞ্চের দাবি, কোনও রাজনৈতিক পরিচয়ে নয়, শুধুমাত্র নেতাজির সম্মান রক্ষার উদ্দেশ্যেই তাঁরা একত্রিত হয়েছেন। তাঁদের মতে, নেতাজির অবদান নিয়ে কোনও অবমাননাকর বা বিতর্কিত মন্তব্য দেশের মানুষের আবেগে আঘাত হানে।
Netaji Subhash Chandra Bose
অনন্ত মহারাজের মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন সামাজিক সংগঠন, ইতিহাস-অনুরাগী এবং রাজনৈতিক মহলের একাংশ এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে।
Netaji Subhash Chandra Bose
হাবড়ার মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, যতদিন বাঙালির মধ্যে দেশপ্রেমের চেতনা থাকবে, ততদিন নেতাজির অপমান মেনে নেওয়া হবে না। তাঁরা নেতাজির আদর্শ, আত্মত্যাগ ও দেশপ্রেমকে স্মরণ করে তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ জ্বালানি নিরাপত্তা ও সবুজ শক্তিতে জোর! তিন প্রকল্পে সূচনা কেন্দ্রীয় মন্ত্রিসভার


