Bengal Liberty : পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর দাখিল করা চার্জশিট গ্রহণের পর বুধবার পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ মোট ২৪ জন অভিযুক্তকে জামিন দিল সিবিআইয়ের বিশেষ আদালত (Partha Chatterjee)। ওএমআর শিটে কারচুপি করে অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে দীর্ঘ তদন্তের পর চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের এই নির্দেশের ফলে মামলার বিচারপর্ব শুরু হওয়ার পথ আরও সুগম হল (Partha Chatterjee)

শেষ পর্যন্ত মিলল জামিন (Partha Chatterjee)
বুধবার সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিটের ভিত্তিতে মামলার শুনানি হয়। শুনানিতে তদন্তের স্বার্থ এবং অভিযোগের গুরুত্ব তুলে ধরে অভিযুক্তদের জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। তবে উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত চার্জশিটভুক্ত প্রত্যেক অভিযুক্তকেই জামিন মঞ্জুর করে।আদালত সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন ব্যক্তিগতভাবে আদালতে হাজির হননি। তাঁর আইনজীবী আদালতে উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। অন্যদিকে, প্রাক্তন এসএসসি উপদেষ্টা এসপি সিনহা, প্রাক্তন কমিশনের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ বাকি অভিযুক্তরা আদালতে উপস্থিত হয়ে জামিন গ্রহণ করেন। সিবিআই সম্প্রতি এই মামলায় মোট ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালত সেই চার্জশিট গ্রহণ করায় মামলার বিচারপর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার প্রস্তুতি জোরদার হয়েছে। আদালত সূত্রের খবর, খুব শীঘ্রই এই মামলার বিচার কার্যক্রম শুরু হতে পারে।

উল্লেখ্য, রাজ্যের সরকারি স্কুলে গ্রুপ-ডি পদে নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ সামনে আসার পর থেকেই তদন্ত চালিয়ে আসছে সিবিআই। তদন্তে উঠে আসা তথ্যপ্রমাণের ভিত্তিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি, প্রাক্তন প্রশাসনিক আধিকারিক এবং এসএসসি-র তৎকালীন কর্তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বুধবার চার্জশিটভুক্ত সকল অভিযুক্তের জামিন মঞ্জুর হলেও, মামলার বিচার প্রক্রিয়া এখন নতুন ও গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করল। আদালতে প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতেই আগামী দিনে নির্ধারিত হবে এই নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী আইনি ভবিষ্যৎ।
আরও খবর
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/05/ssc-scam/


