Congress
Congress

Congress : ১৫ বছর চুপ, সরকার বদলাতেই পুরসভা অভিযানে কংগ্রেস! নেতৃত্বে শুভঙ্কর

Bengal Liberty : রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই কলকাতা পুরসভার বিরুদ্ধে পথে নামল কংগ্রেস (Congress)। অথচ গত ১৫ বছর ধরে কলকাতা-সহ রাজ্যের পুরসভাগুলিতে তৃণমূলের দখল থাকলেও নাগরিক সমস্যা নিয়ে একই ভাবে সরব হতে দেখা যায়নি হাত শিবিরকে। সেই কংগ্রেসই এবার ডেঙ্গু-ম্যালেরিয়া, জঞ্জাল পরিষ্কার, জল জমা, রাস্তার বেহাল দশা থেকে শুরু করে ওয়ার্ড পুনর্বিন্যাস-একাধিক ইস্যুতে ‘কলকাতা কর্পোরেশন অভিযান’-এর ডাক দিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এতদিন কি শীতঘুমে ছিল কংগ্রেস? তৃণমূল আমলে কেন এত তৎপরতা দেখা যায়নি? আর সরকার বদলের মাত্র কয়েক মাসের মধ্যেই কেন বিজেপির বিরুদ্ধে পুরসভাকে হাতিয়ার করছে প্রদেশ কংগ্রেস (Congress)?

Congress
Congress

‘মুখ্যমন্ত্রীকে ডেঙ্গু থেকে বাঁচাতে চাই’, শুভঙ্করের নিশানায় রাজ্য সরকার (Congress)

বুধবার দুপুর ১টায় ‘কলকাতা কর্পোরেশন অভিযান’ কর্মসূচিতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ওয়ার্ড পুনর্বিন্যাসের আগে সর্বদলীয় বৈঠক, ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে আগাম ব্যবস্থা, নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখা এবং শহরের খানাখন্দে ভরা রাস্তা দ্রুত সংস্কারের মতো একাধিক দাবি সামনে রাখে কংগ্রেস। কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে শুভঙ্কর সরকারের বক্তব্যে উঠে আসে পুরসভা ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ। তাঁর অভিযোগ, রাজ্যের পুরসভা ও কর্পোরেশনগুলি কার্যত অচল হয়ে পড়েছে। জঞ্জাল পরিষ্কার হচ্ছে না। সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। আর জল জমার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কাও রয়েছে। রীতিমতো কটাক্ষের সুরে শুভঙ্কর বলেন, মুখ্যমন্ত্রী বুলেটপ্রুফ জ্যাকেট পরে বুলেট থেকে বাঁচতে পারেন। কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের মাটিতে ডেঙ্গু ছড়িয়ে পড়লে তখন কিছু করার থাকবে না। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী যাতে ডেঙ্গুতে আক্রান্ত না হন, সেই কাজই তাঁরা করতে চান।

শুধু নাগরিক পরিষেবা নয়, ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কলকাতা পুরসভার ওয়ার্ড ডিলিমিটেশন নিয়ে সর্বদলীয় বৈঠকের দাবি তুলেছে কংগ্রেস। একই সঙ্গে তাঁর অভিযোগ, কলকাতা কর্পোরেশনকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা চলছে।

Advertisement
Advertisement

প্রশ্নের মুখে কংগ্রেসের ভূমিকা (Congress)

তবে কংগ্রেসের এই আন্দোলন ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে সময় নিয়ে। দীর্ঘ ১৫ বছর রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। কলকাতা পুরসভাও দীর্ঘদিন তৃণমূলের দখলে। সেই সময়ে জঞ্জাল পরিষ্কার, জল জমা, ডেঙ্গু, রাস্তার বেহাল দশা কিংবা পুর পরিষেবা নিয়ে কংগ্রেসের আন্দোলন কোথায় ছিল? সেই প্রশ্নই এখন সামনে আসছে।

শুভঙ্কর সরকারের বক্তব্যেও তৃণমূলের দীর্ঘ শাসন নিয়ে কোনও আত্মসমালোচনার সুর অবশ্য দেখা যায়নি। বরং তাঁর নিশানা মূলত তিন মাসের বিজেপি সরকারের দিকে। ‘বেঙ্গল লিবার্টি’-র প্রশ্নের জবাবে তিনি পাল্টা দাবি করেন, এখন রাজ্য সরকারে বিজেপি রয়েছে। তাই বর্তমান পরিস্থিতির সমস্ত দায় বিজেপিকেই নিতে হবে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/12/cm-suvendu-adhikari-130/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury