Bengal Liberty : আরজি কর (অভয়া) কাণ্ডে নতুন মোড়। নিহত তরুণী চিকিৎসকের দেহ দ্রুত ও গোপনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে ওড়িশার পুরীর একটি বিলাসবহুল হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করার পর শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হয়। খড়দহ থানা থেকে প্রিজন ভ্যানে করে ব্যারাকপুর আদালতে তোলার সময় এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। থানা থেকে বের করার সময় প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম ও জুতো ছোড়া হয়। নির্মলের পাশাপাশি এই ঘটনায় নির্যাতিতার এক প্রতিবেশী তথা প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। এদিকে প্রাক্তন বিধায়ককে আদালতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হতেই খড়দহ থানার বাইরে ডিজে বাজিয়ে এবং গান চালিয়ে উল্লাস করতে দেখা যায় স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের।

কী অভিযোগ রয়েছে নির্মল ঘোষের বিরুদ্ধে? (Nirmal Ghosh Arrest)
২০২৪ সালের ৯ অগস্ট রাতে আরজি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মৃতদেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেই সময় সমস্ত নিয়মকে উপেক্ষা করে অন্য দেহের আগে অত্যন্ত তাড়াহুড়ো করে অভয়ার দেহ দাহ করা হয়। এই ঘটনায় নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সেই সময় তিনি পানিহাটির প্রভাবশালী বিধায়ক ছিলেন।
শুধু তাই নয়, শ্মশানের নথিতে মৃতার পরিবারের সদস্যদের সই করতে না দিয়ে নির্মল ও তাঁর ঘনিষ্ঠরাই সই করেছিলেন বলেও অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এই নিয়ে গুঞ্জন চললেও সম্প্রতি, গত ৯ অগস্ট তিলোত্তমার মৃত্যুর দু’বছর পূর্তিতে নতুন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরই ১০ অগস্ট নির্যাতিতার বাবা লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও খবর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতেই ওড়িশার পুরী থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়। এই মামলায় প্রাক্তন কাউন্সিলর সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের নামও জড়িয়েছে। এর মধ্যে সঞ্জীব মুখোপাধ্যায়কে পানিহাটির অম্বিকা মুখার্জি রোডের সিআর পার্কের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশি হেফাজতের আবেদন ও রাজনৈতিক তরজা (Nirmal Ghosh Arrest)
শুক্রবার সকালে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে খড়দহ থানা থেকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, প্রাক্তন বিধায়কের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই খড়দহ থানার বাইরে ভিড় জমান বিজেপি কর্মী-সমর্থকরা। থানার বাইরে ডিজে সাউন্ড বক্স বাজিয়ে ও গান চালিয়ে তাঁরা প্রকাশ্যেই আনন্দ-উল্লাস করতে শুরু করেন।
রাজনৈতিক মহলের মতে, বিগত বিধানসভা নির্বাচনে দল থেকে টিকিট না পেলেও দীর্ঘদিন ধরেই পানিহাটি এলাকায় নির্মল ঘোষের একচ্ছত্র প্রভাব ছিল। কিন্তু ক্ষমতার পালাবদল এবং আরজি কর মামলার নতুন মোড়ের পর তাঁর এই গ্রেফতার রাজ্য রাজনীতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি করেছে।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর তিন দিনের মধ্যেই যেভাবে এই পদক্ষেপ করা হয়েছে, তাতে আগামী দিনে এই মামলার জল বহুদূর গড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/14/prempal-singh-arrest/


