CM Suvendu Adhikari
Bengal Liberty:
অন্নপূর্ণা যোজনার টাকা অনেকের অ্যাকাউন্টে না ঢোকাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভের অভিযোগ উঠেছে। যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাননি—এমন অভিযোগকারী উপভোক্তাদের সাহায্যের জন্য বিজেপির মণ্ডল সভাপতি, বিধায়ক এবং মহিলা মোর্চার সদস্যদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করার কথাও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

মমতার প্রশ্ন (Suvendu on Annapurna)
এই পরিস্থিতিতে সোমবার ফেসবুক লাইভে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিজেপি সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, তৃণমূল সরকারের সময়ে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় সকলকে টাকা দেওয়া হত। বিজেপি ক্ষমতায় আসার আগে প্রত্যেক মা-বোনকে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন কেন যোগ্যতার মাপকাঠি তৈরি করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি।
শুভেন্দুর জবাব (Suvendu on Annapurna)
পাল্টা শুভেন্দু অধিকারীর দাবি, ধর্ম বা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতেই অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় যে বঞ্চনার অভিযোগ করছেন, তাঁর নিজের সরকারের আমলেও বিভিন্ন প্রকল্পে প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হয়েছেন। এমনকি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা যাচাই করতে গিয়ে মৃত ব্যক্তি, পুরুষ-সহ অযোগ্য উপভোক্তাদের নামও সামনে এসেছে বলে দাবি তাঁর।

এর পাশাপাশি শুভেন্দু আরও কড়া প্রশ্ন তুলেছেন মমতার একটি পুরনো মন্তব্যকে ঘিরে—‘আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি এক মিনিটে শেষ করে দেবে’। শুভেন্দুর বক্তব্য, এই ধরনের মন্তব্য থেকেই কি বোঝা যায় না যে তৃণমূল সরকারের সময়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ কেন বারবার উঠেছে?
Suvendu on Annapurna
ফলে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন শুধুই ভাতা বণ্টনের প্রশ্নে আটকে নেই। মমতা যেখানে বর্তমান সরকারকে ‘দেখে দেখে’ সুবিধা দেওয়ার অভিযোগ করছেন, সেখানে মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি, বর্তমান সরকার নিয়ম মেনে যাচাই করছে বলেই অনিয়ম ধরা পড়ছে। পুরনো সরকারের প্রকল্প বণ্টন, দুর্নীতি এবং অযোগ্য উপভোক্তাদের অন্তর্ভুক্তির অভিযোগ সামনে এনে বিজেপি যে রাজনৈতিক পাল্টা আক্রমণের পথ নিয়েছে, তাতে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিতর্ক আরও বড় রাজনৈতিক সংঘাতে রূপ নিচ্ছে।

আরও পড়ুনঃ ‘নিয়ে গিয়ে রাখুন’, মমতার মানবিকতার জবাবে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘ওই মহিলা রাজি হবেন তো?’

