Suvendu On Mamata
Bengal Liberty:
পার্ক স্ট্রিটের ফুটপাথে শিশুর জন্য দুধ গরম করা নিয়ে বিতর্কে এবার মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিমিত্রা পালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, গরিব হয়ে জন্মানো অপরাধ নয়, আগে মানবিক হওয়া প্রয়োজন। একই সঙ্গে ওই গৃহহীন পরিবারের দায়িত্ব নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন মমতা। তাঁর দাবি, প্রয়োজনে পরিবারের থাকার ব্যবস্থা এবং শিশুদের পড়াশোনার দায়িত্বও নিতে প্রস্তুত তিনি।

মুখ্যমন্ত্রীর আক্রমণ (Suvendu on Mamata)
মমতার সেই বক্তব্যেরই জবাব দিতে গিয়ে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “উনি যদি চান, তাহলে ওই মহিলাকে নিয়ে গিয়ে রাখতেই পারেন। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, ওই মহিলা কি যেতে রাজি হবেন?”
মমতায় ভরসা নেই (Suvendu on Mamata)
এরপর নিজের বক্তব্যের পক্ষে একটি ঘটনার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, হালিশহরের ঘটনায় তৃণমূলের এক কাউন্সিলরই মমতার সঙ্গে দেখা করতে রাজি হননি। বরং তাঁর সঙ্গে দেখা করে সাহায্য চেয়েছেন এবং বিচার চেয়েছেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা নিয়েছেন এবং চাকরির ফর্মও তাঁর কাছে পাঠিয়েছেন বলে দাবি শুভেন্দু অধিকারীর।
এই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বর্তমান সরকারকে মানবিকতার পাঠ দিচ্ছেন, তখন তাঁর নিজের দলের লোকজনই যদি তাঁর উপর আস্থা না রাখেন, তাহলে সেই মানবিকতার দাবির বাস্তব ভিত্তি কোথায়?

মমতাকে জবাব (Suvendu on Mamata)
বিজেপির বক্তব্য, পার্ক স্ট্রিটের একটি ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিমিত্রা পাল ও বর্তমান সরকারকে কাঠগড়ায় তুলছেন। কিন্তু পাল্টা প্রশ্ন উঠছে, দীর্ঘ ১৫ বছর রাজ্যে ক্ষমতায় থাকার পরও কেন এখনও বহু মানুষ ফুটপাথে বসবাস করতে বাধ্য? কেন তাঁদের স্থায়ী পুনর্বাসন হয়নি?
ফলে দুধ গরম করার ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন আরও বড় রাজনৈতিক সংঘাতে রূপ নিয়েছে। মমতার ‘মানবিকতা’র দাবির পাল্টা মুখ্যমন্ত্রীর প্রশ্ন, যাঁদের জন্য এত দরদ, তাঁরাই যদি আপনার উপর ভরসা না রাখেন, তাহলে দায়টা আসলে কার?

আরও পড়ুনঃ জনগণনা নিয়ে জনগণকে ভুল বোঝালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

