Adhir Ranjan Chowdhury
Bengal Liberty:
তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পরেই কংগ্রেসে যোগদানের প্রবণতা বেড়েছে। সেই আবহে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদানের ক্ষেত্রে এবার কিছুটা রাশ টানল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বা AICC। মুর্শিদাবাদে একের পর এক তৃণমূল কর্মী-সমর্থকের কংগ্রেসে যোগদানের মধ্যেই সামশেরগঞ্জের একটি যোগদানকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আর সেই বিতর্কের কেন্দ্রে ধূলিয়ান পুরসভার পুরপ্রধান ইনজামুল ইসলাম রাজা।

যোগদান ঘিরে বিতর্ক (Adhir Ranjan Chowdhury)
তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওয়াকফ আইন সংশোধনকে কেন্দ্র করে সামশেরগঞ্জে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে ইনজামুলের উস্কানি ছিল। তাঁকে কংগ্রেসে নেওয়া নিয়ে দলেরই একাংশ প্রশ্ন তোলে।
অধীরের দাবি, মুর্শিদাবাদে নির্বাচনের পর থেকে প্রতিদিনই বহু তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিচ্ছেন। গত ২৩ তারিখ সামশেরগঞ্জে প্রায় ৬০০ তৃণমূল কর্মীর যোগদানও সেই ধারাবাহিকতার অংশ। কিন্তু সেই কর্মসূচিতে যোগ দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে পরে AICC-র কাছে খবর যায়। এরপরই বিষয়টি খতিয়ে দেখার জন্য ওই ব্যক্তির যোগদান আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কংগ্রেসের বার্তা (Adhir Ranjan Chowdhury)
এই পরিস্থিতিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীর জানান, AICC-র এক সাধারণ সম্পাদক তাঁকে ফোন করে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছেন। তাঁর বক্তব্য, কাউকে সরাসরি বাতিল করা হয়নি। বিষয়টি আপাতত ‘ইন অ্যাবেয়ান্স’ রাখা হয়েছে। ফলে কয়েক দিন অপেক্ষা করে যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।

অধীরের দাবি, ইনজামুল ইসলামের বিরুদ্ধে NIA তদন্ত হয়েছে, CBI তদন্তও হয়েছে। কিন্তু কোনও তদন্তেই তাঁর বিরুদ্ধে অপরাধের প্রমাণ মেলেনি। শুধু অভিযোগের ভিত্তিতে কাউকে অপরাধী বলা যায় না বলেই মত অধীরের।
অর্থাৎ, তৃণমূল থেকে কংগ্রেসে আসতে চাওয়া প্রত্যেককে সরাসরি দলে নেওয়ার পরিবর্তে তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ বা মামলা রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে।
Adhir Ranjan Chowdhury
তবে এখানেই তৈরি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। একদিকে কংগ্রেসের কর্মী-সমর্থকদের প্রশ্ন, অভিযোগ রয়েছে এমন কাউকে কেন দলে নেওয়া হচ্ছে? অন্যদিকে অধীরের দাবি, ইনজামুলকে ঘিরে বিতর্ককে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করছে বিজেপি-ঘনিষ্ঠ একটি অংশ।
মুর্শিদাবাদ বরাবরই অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক গড় হিসেবে পরিচিত। নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল থেকে কংগ্রেসে যোগদানের যে প্রবল স্রোত তৈরি হয়েছে, তার মধ্যেই ইনজামুলকে ঘিরে বিতর্ক এবার সেই যোগদান প্রক্রিয়ায় বাড়তি সতর্কতার বার্তা এনে দিল। ফলে কংগ্রেসে যোগদান এখন বাছাই ও যাচাইয়ের প্রোটোকল মেনেই হবে, সেটাই স্পষ্ট।

আরও পড়ুনঃ যাদবপুরে সংঘর্ষের ঘটনায় পর্দা ফাঁস হতে চলেছে? সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ

