Panihati BJP candidate
Bengal Liberty Desk, ২৮ মার্চ, কলকাতা: আরজি কর কাণ্ডের ১৯ মাস পূর্ণ হওয়ার প্রাক্কালে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক। আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন নির্যাতিতা চিকিৎসকের মা। গত বুধবার বিজেপি আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করার পর থেকেই উত্তাল রাজনৈতিক মহল। এই আবহে নিজেদের অবস্থান স্পষ্ট করে দীর্ঘ বিবৃতি দিল আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’ (WBJDF)।
ব্যক্তিগত সিদ্ধান্ত বনাম নৈতিক অবস্থান (Panihati BJP candidate)
জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে, কে কোন রাজনৈতিক দলের হয়ে ভোটে লড়বেন, সেটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে সংগঠনের সমর্থন বা আপত্তি— কোনওটাই থাকার কথা নয়। তবে তাঁদের প্রশ্ন, এই নিষ্ঠুর ব্যবস্থার দায় কি এড়ানো যায়, যা একজন সন্তানহারা মাকে এই বিশ্বাসে পৌঁছে দিয়েছে যে ক্ষমতার অলিন্দে না গেলে ন্যায়বিচার পাওয়া অসম্ভব।
বিজেপির তীব্র সমালোচনা (Panihati BJP candidate)

বিবৃতিতে গেরুয়া শিবিরের প্রতি কড়া মনোভাব পোষণ করেছে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’। তাদের বক্তব্য, “তিনি এমন একটি দলের হয়ে দাঁড়াচ্ছেন, যারা ধর্ষকের গলায় মালা পরিয়ে উল্লাস করে এবং যাদের বহু প্রভাবশালী নেতা নারী নির্যাতনের ঘটনায় সরাসরি যুক্ত। সেই দল শর্তসাপেক্ষে ন্যায়বিচার এনে দেবে— এই ধারণা ‘সোনার পাথরবাটি’ ছাড়া কিছু নয়।” কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।
ব্যক্তিগত আক্রমণে নিষেধ (Panihati BJP candidate)
সংগঠন স্পষ্ট করেছে যে, আদর্শগত কারণে তাঁরা বিজেপি, সিপিএম বা কংগ্রেস— কোনও রাজনৈতিক দলের প্রার্থীকেই সমর্থন করতে পারেন না। তবে নির্যাতিতার মাকে নিয়ে সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণেরও তীব্র নিন্দা করেছে ফ্রন্ট। তাঁদের মতে, একজন মা কতটা অসহায় ও বিধ্বস্ত থাকলে নিজেকে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে দেন, তা সাধারণের পক্ষে বোঝা কঠিন।
মর্মাহত আন্দোলনকারীরা (Panihati BJP candidate)
বিবৃতিতে চিকিৎসকরা একটি বিশেষ পয়েন্টে গভীর দুঃখ প্রকাশ করেছেন। নির্যাতিতার মা-বাবার সাম্প্রতিক কিছু মন্তব্যে ইঙ্গিত ছিল যে— ‘আন্দোলনকারীরা নিজের স্বার্থে পথে নেমেছিলেন’। এতে চিকিৎসকরা আহত বোধ করছেন। তাঁদের দাবি, তাঁরা কোনও নির্বাচনী স্বার্থ বা ক্ষমতার জন্য নয়, বরং এই ঘুণ ধরা ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোর পরিবর্তনের দাবিতেই লড়াই চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন-
Panihati Assembly : মেয়ের ন্যায়বিচারের লড়াই থেকে ভোটের ময়দান।পানিহাটিতে নির্যাতিতার মায়ের নতুন সংগ্রাম, শুরু হাড্ডাহাড্ডি লড়াই
BJP third Candidate List : পানিহাটি থেকে লড়ছেন অভয়ার মা,বিজেপির তৃতীয় তালিকায় ১৯ প্রার্থী, বাকি আরও ১৯ আসন
নির্যাতিতার মায়ের আত্মপক্ষ সমর্থন (Panihati BJP candidate)

বিজেপিতে যোগদান প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন, “আমি রাজনীতিতে আসতে চাইনি। মেয়ে বলত রাজনীতি খুব নোংরা। আমি মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু যখন সবাই আমার মেয়েকে নিয়ে রাজনীতি করছেই, তখন আমি ঘরে থাকব কেন? আমিই লড়াই করি।”
পানিহাটির এই লড়াই এখন আর কেবল ভোট প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ নেই। একদিকে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ, অন্যদিকে প্রধান বিরোধী দলের নারী সুরক্ষা সংক্রান্ত ট্র্যাক রেকর্ড— এই দুইয়ের যাঁতাকলে পড়ে ‘অভয়া’র বিচার পাওয়ার দাবি কোন পথে এগোয়, এখন সেটাই দেখার।
