Weather Forecast
Bengal Liberty, ৭ এপ্রিল :
গরমের দাপটের মাঝেই হঠাৎ বৃষ্টি-দুই বিপরীত আবহাওয়ার টানাপোড়েনে এখন অস্বস্তিতে রাজ্যবাসী (Weather Forecast)। সোমবার সন্ধ্যে থেকে কলকাতাসহ একাধিক জেলায় হালকা বৃষ্টি শুরু হলেও দিনের বেলায় তাপমাত্রা থাকছে বেশ চড়া। এই পরিস্থিতির মধ্যেই হাওয়া অফিসের নতুন পূর্বাভাস জানাচ্ছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ-প্রায় সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বুধবার ঝোড়ো হাওয়া ও কালবৈশাখীর প্রভাব বাড়তে পারে। ফলে ধীরে ধীরে কমবে গরমের তীব্রতা, যদিও বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হাওয়ায় আবহাওয়ার এই অনিশ্চিত খেলা কিছুদিন চলবে বলেই ইঙ্গিত মিলছে হওয়া অফিস সূত্রে (Weather Forecast)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Forecast)
দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। মঙ্গলবার থেকেই একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বুধবার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, হুগলি ও হাওড়ায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০-৭০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে, এমনকি কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ ৮০ কিমি ছুঁতে পারে বলে আশঙ্কা। বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টির রেশ বজায় থাকবে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুক্রবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। বৃষ্টির পরিমাণ কমে আসবে এবং সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Forecast)
মঙ্গলবার থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, ফলে আবহাওয়া থাকবে কিছুটা অস্থির। বুধবার পরিস্থিতি আরও বিস্তৃত আকার নেবে। প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে মালদা ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টির প্রভাব বজায় থাকবে, মূলত পাহাড় ও সংলগ্ন জেলাগুলি-দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

তবে শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া ফিরে আসবে, যদিও দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।ইতিমধ্যেই ঝড়-বৃষ্টির প্রভাবে তাপমাত্রার ঊর্ধ্বগতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও, পরবর্তী কয়েকদিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এরপর আবার ধীরে ধীরে ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বিকেল ও সন্ধ্যায় কালবৈশাখীর দাপট বজায় থাকতে পারে।
