Weather update
Bengal Liberty, ২২ এপ্রিল :
প্রখর রোদ, চড়া তাপমাত্রা আর অস্বস্তিকর আর্দ্রতার জেরে কার্যত জ্বলছে গোটা বাংলা (Weather update)। এপ্রিলের শেষ লগ্নেই একাধিক জেলায় তাপমাত্রা ছুঁইছুঁই করছে ৪০ ডিগ্রির ঘর, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হিট ইনডেক্সও। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির দেখা নেই, ফলে মাটি ফেটে চৌচির পরিস্থিতি। অন্যদিকে উত্তরবঙ্গে মাঝে মাঝেই মেঘের আনাগোনা ও বিক্ষিপ্ত বৃষ্টি কিছুটা স্বস্তি দিচ্ছে। তবে আজ, বুধবার কি দক্ষিণবঙ্গ পাবে কাঙ্ক্ষিত কালবৈশাখীর দেখা, নাকি তাপপ্রবাহই থাকবে দাপট দেখিয়ে (Weather update)?

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকবে। বিশেষ করে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় জারি হয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। এই দুই জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে বলে অনুমান। অন্যদিকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় সরাসরি তাপপ্রবাহ না থাকলেও, উচ্চ আর্দ্রতার কারণে ‘রিয়েল ফিল’ আরও বেশি থাকবে। ফলে ঘাম, ক্লান্তি ও অস্বস্তি বাড়বে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কোথাও কোথাও, তবে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)
উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজ আবহাওয়ার ছবি অনেকটাই আলাদা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পং, এবং ডুয়ার্সের জলপাইগুড়ি জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা বজ্রঝড়ের সময় সাময়িক ঝুঁকি তৈরি করলেও গরম থেকে কিছুটা স্বস্তি দেবে।
