Satyajit Ray birth anniversary
Bengal Liberty, ২ মে :
বাংলা চলচ্চিত্রের ধ্রুবতারা এবং বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের আজ ১০৫তম জন্মজয়ন্তী। ১৯২১ সালের এই দিনেই কলকাতার বিখ্যাত রায় পরিবারে জন্ম নিয়েছিলেন এই বহুমুখী প্রতিভা (Satyajit Ray birth anniversary)। চলচ্চিত্র নির্মাতা, লেখক, চিত্রকর থেকে শুরু করে সঙ্গীত পরিচালক প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন তাঁর অসামান্য মেধার স্বাক্ষর। আজ শনিবার সকাল থেকেই এই কিংবদন্তি স্রষ্টাকে শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা ও স্মৃতিচারণ Satyajit Ray birth anniversary
সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোষ্টে লিখেছেন, “বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রখ্যাত সাহিত্যিক ও বাঙালির গর্ব সত্যজিৎ রায়ের জন্মদিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধা। তাঁর কালজয়ী সৃষ্টি বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।” আজ কলকাতার গোর্কি সদনে ও নন্দন চত্বরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়াও ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের উদ্যোগে লন্ডনের প্রবাসী বাঙালি সংস্থাগুলোর সহযোগিতায় বিশেষ অনুষ্ঠান পালিত হচ্ছে।

কেন তিনি ‘দ্য ওয়ান’?
সত্যজিৎ রায় কেবল একজন পরিচালক ছিলেন না, তিনি ছিলেন আস্ত একটা ‘ইনস্টিটিউশন’। আজকের যুগে যখন এআই বা হাই-টেক সফটওয়্যার দিয়ে সিনেমা বানানো হচ্ছে, সত্যজিৎ রায় তখন লাল মলাটের ‘খেরোর খাতা’য় নিজে হাতে ফ্রেম-বাই-ফ্রেম স্কেচ করতেন। কস্টিউম ডিজাইন থেকে শুরু করে সেটের খুঁটিনাটি সবটাই ছিল তাঁর নখদর্পণে। তিনি কেবল দৃশ্য দেখাতেন না, শোনাতেনও। নিজের সিনেমার আবহ সঙ্গীত নিজেই তৈরি করতেন। অন্যদিকে অপুর দারিদ্র্য হোক বা ফেলুদার মগজাস্ত্র সত্যজিৎ রায় মাটির গল্পকে এমন এক রুপ দিয়েছিলেন যে অস্কারের মঞ্চ স্বয়ং তাঁর শয্যাপাশে এসে সম্মান জানিয়ে গিয়েছিল।
১৯৫৫ সালে ‘পথের পাঁচালী’ দিয়ে যাত্রা শুরু করে ১৯৯২ সালে অস্কারের আজীবন সম্মাননা সত্যজিৎ রায় ছিলেন ভারতীয় সিনেমার আসল গ্লোবাল আইকন। ‘ফেলুদা’ আর ‘প্রোফেসর শঙ্কু’র স্রষ্টা হিসেবে আজও তিনি কিশোর-কিশোরী থেকে শুরু করে বড়দের কাছে সমান জনপ্রিয়। আজকের এই দিনে সারা বিশ্বের চলচ্চিত্র প্রেমীরা আবারও উপলব্ধি করছেন যে, সময় বদলালেও সত্যজিৎ রায়ের দর্শনে আধুনিকতা ও মানবিকতা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর ১০৫তম জন্মদিনে বিনম্র প্রণাম।
