Ashok Kumar Deb
Bengal Liberty : বিদ্রোহী বিধায়কদের দলে নাম লেখাচ্ছেন অশোকবাবু? নিজেদের অটুট সংগঠনের তকমা দেওয়া দল তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়ছে! আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে ঘাসফুল শিবির (Ashok Kumar Deb)। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী তাঁর দলে আছেন প্রায় ৬২ জন বিধায়ক। এবার নতুন জল্পনা মমতার অনুগত বিধায়ক অশোক দেবকে নিয়ে। এতদিন পর্যন্ত কেউ থাকুক বা না থাকুক অশোকবাবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেছে। এবার ফিরহাদের পথ অবলম্বন করে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনিও। এখন ভবিষ্যতে তাঁর অবস্থান নিয়েও একটা দোনামনা থেকেই যাচ্ছে। কিছুদিন আগেই চন্দ্রিমাকে প্রেসিডেন্ট করা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। অতঃপর, সোমবার বিরোধী দলনেতার সঙ্গে তাঁর সাক্ষাত কীসের ইঙ্গিত দিচ্ছে? জল্পনা রাজনৈতিক মহলে (Ashok Kumar Deb)।

অশোক বাবুর ক্ষোভের কারণ কী চন্দ্রিমা? (Ashok Kumar Deb)
কয়েক দিন আগেও ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে দেখা গিয়েছিল দলের অনুগত বিধায়ক অশোক দেবকে। কিন্তু দুসপ্তাহ আগেই দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি পদে চন্দ্রিমা ভট্টাচার্যের নিয়োগ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন অশোক দেব। তিনি বলেন, “চন্দ্রিমাকে পার্টির প্রেসিডেন্ট করেছে, খবরে দেখলাম, মিডিয়ায় শুনলাম। আমরা কিছুই জানতাম না। দিদিমণি কখনও আমাদের বলে-কয়ে কিছু করেন না।” তিনি আরও বলেন, “দলের এই হালের দিনে সবার উচিত ছিল একসঙ্গে বসে কথা বলে সভাপতি ঠিক করা। দিদির নিজের ইচ্ছেমতো সব হয়েছে, ওই বুঝবে! হঠাৎ একটা রাজ্য কমিটি বানিয়ে দেওয়া হল, এভাবে কি দল চলতে পারে? যে নিজেই নির্বাচনে জিততে পারলেন না, তিনি কীভাবে গোটা দল চালাবেন? তিনি কি সব জেলার সভাপতিদের চেনেন? আর কাউকে কি পাওয়া গেল না?” তাঁর দাবি ছিল, চন্দ্রিমা ভট্টাচার্যের পরিবর্তে মদন মিত্রকে দায়িত্ব দেওয়া হলেও তিনি অন্তত রাস্তায় নেমে সংগঠনের হয়ে লড়াই করতে পারতেন। দীর্ঘদিনের আনুগত্যের প্রসঙ্গ টেনে ক্ষোভের সুরে তিনি আক্ষেপ করে বলেন, “এত দিন অনুগত থেকে আমিই বা কী পেলাম?”
ক্ষোভ প্রকাশের দু’সপ্তাহ পরেই প্রতিফলনও সর্ব সম্মুখে। আজ, সোমবার বিরোধী দলনেতা ঋতব্রতর সঙ্গে দেখা করলেন তিনি। তাহলে কি ঋতব্রতর দলের বিধায়ক সংখ্যা বাড়তে চলেছে। এবার নতুন সংযোজন অশোকবাবু? উত্তর ক্রমশ প্রকাশ্য!



