Weather Alert
Bengal Liberty, ১০ মে :
ভরা বৈশাখ, অথচ সেই চেনা আগুনঝরা গরমের দেখা নেই (Weather Alert)। সকাল থেকেই মেঘলা আকাশ, কোথাও দমকা হাওয়া, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি-এমন আবহেই কাটছে বাংলার দিন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত স্বস্তির এই আবহাওয়া থেকে মুক্তি মিলছে না। বঙ্গোপসাগর থেকে টানা জলীয় বাষ্প ঢুকছে, সঙ্গে উপরিভাগের ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে রাজ্যজুড়ে তৈরি হয়েছে অস্থির আবহাওয়া। ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, দুই অংশেই ঝড়বৃষ্টির দাপট বজায় থাকবে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও আবার ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হুগলির কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি থাকবে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। তবে সেই বিরতি খুব বেশি দিনের নয়। বুধবার ও বৃহস্পতিবার ফের বৃষ্টির দাপট বাড়বে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায়। অন্য জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকার সঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সপ্তাহের শেষে, অর্থাৎ শুক্রবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আপাতত তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পরিস্থিতি এখনই কাটছে না। বরং আগামী কয়েকদিন সেখানে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও মঙ্গলবার থেকে ফের সক্রিয় হবে ঝড়বৃষ্টি। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই পাঁচ জেলায় কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। এর পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। পাহাড় ও ডুয়ার্স এলাকায় টানা বৃষ্টির জেরে জল জমা, ছোট নদী ফুলে ওঠা কিংবা পাহাড়ি রাস্তায় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
