Taratala building collapse
Bengal Liberty: তারাতলার অক্টিভিয়াস ইন্ডাস্ট্রি লিমিটেডের লজিস্টিক হাবে নির্মাণাধীন বহুতলের কাঠামো ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং বহু শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকার্য এখনও চলায় হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিআইটিইউ (CITU) কলকাতা জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নাজিরাবাদের ঘটনার পর তারাতলার এই দুর্ঘটনা আবারও কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের চরম গাফিলতিকে সামনে এনেছে। কোনো নজরদারি ছাড়া বেআইনিভাবে কাজ চালানোর ফলেই শ্রমিকদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে দাবি তাদের।
সিআইটিইউ-এর পক্ষ থেকে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। এছাড়া, শ্রমিকদের জীবনের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কড়া নজরদারির দাবি তোলা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে দুটি প্রধান দাবি রাখা হয়েছে, প্রথমটি হল, আহত সমস্ত শ্রমিকের চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষ এবং সরকারকে নিতে হবে। দ্বিতীয়টি হল, মৃত ও আহত শ্রমিকদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের অন্তত একজনকে স্থায়ী চাকরি দিতে হবে।
কেন্দ্রীয় সরকারের শ্রমকোডের সমালোচনা করে সিআইটিইউ জানিয়েছে, শ্রমিকদের সুরক্ষা কবচ লঘু করার ফলেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। তাই শ্রমিকদের নিরাপত্তা রক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।


