Garg Chatterjee
Bengal Liberty, ১২ মে:
ধর্মের নামে উস্কানি আর ইভিএম নিয়ে গুজব ছড়িয়ে পার পেলেন না ‘বাংলা পক্ষ’র প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায় (Garg Chatterjee)। মঙ্গলবার কলকাতা পুলিশের সাইবার সেলের জালে ধরা পড়লেন এই বিতর্কিত নেতা। কেবল ভুয়ো তথ্য ছড়ানোই নয়, গ্রেফতারির সময় গর্গের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৪ রাউন্ড জ্যান্ত কার্তুজ! নির্বাচনের আবহে এই বিপুল পরিমাণ গোলাবারুদ কেন তাঁর কাছে মজুত ছিল, তা নিয়ে উঠতে শুরু করেছে চাঞ্চল্যকর প্রশ্ন।

ইভিএম নিয়ে গুজব ও কমিশনের কড়া পদক্ষেপ Garg Chatterjee
২০২৬-এর বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝেই কি তবে কমিশনের ওপর তোপ দাগছিলেন গর্গ? অভিযোগ, ভোট গণনার দিন ইভিএম নিয়ে লাগাতার ভুয়ো প্রচার চালিয়েছেন তিনি। রাতে সিল করা মেশিন কেন গণনার সময় খারাপ হচ্ছে এমন প্রশ্ন তুলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন তিনি। পরবর্তীতে ডিইও নর্থের (DEO North) অভিযোগের ভিত্তিতেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। এরপর ময়দান থানা হয়ে অভিযোগ পৌঁছায় লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে।

উস্কানিমূলক পোস্ট ও সিপি-র বিস্ফোরক মন্তব্য
এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ গর্গের গ্রেফতারি নিয়ে বড় তথ্য জানালেন । তিনি জানান, গর্গ চট্টোপাধ্যায়কে এর আগে দু’বার তলব করা হলেও তিনি হাজিরা দেননি বারবার এড়িয়ে গেছেন। তাই এরপরই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এই পদক্ষেপ করে। সিপি-র কথায়, “উনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ তৈরির উদ্দেশ্যে উস্কানিমূলক পোস্ট করতেন।” বাঙালির নাম করে আসলে বিভাজনের রাজনীতি করার অভিযোগেই এবার শ্রীঘরে ঠাঁই হলো এই বিতর্কিত নেতার।
তবে সবমিলিয়ে গ্রেফতারির সময় গর্গের হেফাজত থেকে ২৪ রাউন্ড কার্তুজ মেলায় গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। একজন সিভিলিয়ান নেতার কাছে এত কার্তুজ এল কীভাবে? ভোটের ফল পরবর্তী পরিস্থিতিতে কোনো বড় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই কি এই অস্ত্রশস্ত্র মজুত করা হয়েছিল? যতদূর জানা যাচ্ছে আগামীকাল বুধবার গর্গকে আদালতে পেশ করা হবে।
