Weather update
Bengal Liberty, ১৪ মে :
মে মাসের মাঝামাঝি এসে রাজ্যের আবহাওয়ায় স্পষ্ট ধরা পড়েছে বৈপরীত্যের ছবি (Weather update)। উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সে টানা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম হলেও বজ্রসহ বিচ্ছিন্ন ঝড়বৃষ্টির মাঝেই বাড়তে পারে তাপমাত্রা ও অস্বস্তি। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমী ঝঞ্ঝার যৌথ প্রভাবে তৈরি হয়েছে এই আবহাওয়ার পরিবর্তন। এর জেরেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকলেও দক্ষিণবঙ্গে মূলত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিই বেশি ভোগাবে (Weather update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)
আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা সহ একাধিক জেলায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি বা দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। ওই দুই জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ধীরে ধীরে বাড়বে। ১৫ মে থেকে ১৯ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এক-দু’জায়গায় হালকা বৃষ্টি বা দমকা হাওয়ার সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেই পূর্বাভাস।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির দাপট অনেকটাই বেশি থাকবে। আজ থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস। ১৭ মে পর্যন্ত উত্তরবঙ্গের এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। ১৮ ও ১৯ মে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থেকেই যাবে।
