Sudip Polley Arrest
Bengal liberty desk, 23 মে,কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিতেই এবার খোদ কলকাতায় বড়সড় পুলিশি পদক্ষেপ। এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা টাকা তোলা চাওয়ার অভিযোগে শনিবার রাতে বেহালা থেকে গ্রেফতার হলেন ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লে। কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথম কোনো কাউন্সিলর গ্রেফতার হলেন।

অভিযোগ কী? (Sudip Polley Arrest)
পুলিশ সূত্রে খবর, ঠাকুরপুকুর থানার শীলপাড়া এলাকার এক ব্যবসায়ী সুদীপের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, কাউন্সিলর তাঁর কাছে ৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন। টাকা না দিলে দোকান গুঁড়িয়ে দেওয়া হবে এবং মারধর করা হবে বলেও হুমকি দেওয়া হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করার পরেই রাতেই সুদীপকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

রাজনীতির শুরু থেকে উত্থান (Sudip Polley Arrest)
সুদীপ পোল্লের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল নিউ আলিপুর কলেজে ছাত্র পরিষদের হাত ধরে। একসময় বাড়ি বাড়ি খবরের কাগজ দেওয়া এবং পানের দোকান চালানো সুদীপ রাতারাতি এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন। ২০১০ সালে তিনি প্রথমবার কাউন্সিলর হন। একসময় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত হলেও পরে তিনি মেয়র ফিরহাদ হাকিমের ছায়াসঙ্গী হয়ে ওঠেন। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও বছর দুয়েক আগে তাঁর বাড়িতে সিবিআই হানা দিয়েছিল।
Cervical Cancer: জরায়ু ক্যান্সারের প্রতিষেধক নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | Bengal Liberty@SuvenduWB #SuvenduAdhikari #cervicalcancer #suvenduadhikaribjp #bjpwestbengal #GovernmentJobs #BengalLiberty pic.twitter.com/815WvaV9V9
— Bengal Liberty (@bengalliberty1) May 23, 2026

এলাকায় চাঞ্চল্য (Sudip Polley Arrest)
সুদীপের গ্রেফতারিতে বেহালা জুড়ে শোরগোল পড়ে গেছে। পুলিশের দাবি, শুধু ওই ব্যবসায়ীই নন, সখেরবাজার ও শীলপাড়ার আরও অনেক ব্যবসায়ীই তাঁর বিরুদ্ধে তোলাবাজির মৌখিক অভিযোগ করেছেন। ধৃত কাউন্সিলরকে রবিবার আদালতে পেশ করা হবে।

সরকারের বার্তা (Sudip Polley Arrest)
নতুন বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সাত দিনেই রাজ্যজুড়ে ৭০ জনেরও বেশি তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সেই তালিকায় এবার নাম জুড়ল খোদ কলকাতা পুরসভার এই দাপুটে নেতার।

