Bengal Liberty:
বিজেপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘অন্নপূর্ণা যোজনা’কে সামনে রেখে দুর্গাপুরে শুরু হল ফর্ম বিতরণ কর্মসূচি (Annayapurna Bhandar Form)। শুক্রবার সকালে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে গাছতলায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন। প্রথম দিনেই ১০ হাজার ফর্ম বিলির লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ক্ষমতায় এলে মাসে ৩ হাজার টাকা
নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্যে ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই এখন রাজ্যজুড়ে ফর্ম বিলি শুরু হয়েছে বলে দাবি বিজেপির। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এই যোজনার ফর্ম প্রকাশ করেন। এরপর থেকেই অনলাইনে ১১ পাতার আবেদনপত্র ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়তে শুরু করে।

প্রথম দিনেই উপচে পড়া ভিড়
শুক্রবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকায় ফর্ম বিতরণ শুরু হতেই বহু মহিলার ভিড় লক্ষ্য করা যায়। শুধু ফর্ম দেওয়াই নয়, আবেদনপত্র পূরণে সাহায্য করতে এগিয়ে আসেন বিজেপি কর্মীরাও। অপর্ণা শিল-সহ একাধিক মহিলার হাতে প্রথম ফর্ম তুলে দেন বিধায়ক লক্ষ্মণ ঘোরুই। পাশাপাশি তাঁদের দিয়ে আবেদনপত্র পূরণ করিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল-সহ দলের একাধিক নেতা-কর্মী। বিধায়ক লক্ষ্মণ ঘোরুই বলেন, “বিজেপি যা কথা বলে, তা রাখে। আজ থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি শুরু হল। দুর্গাপুরের বিভিন্ন বোরো অফিস থেকেও সরকারিভাবে এই ফর্ম দেওয়া হবে।” বিজেপি মুখপাত্র সুমন্ত মণ্ডল জানান, সাধারণ মানুষের সুবিধার জন্য দলের কর্মীরা ফর্ম পূরণে সাহায্য করবেন।


