Bengal Liberty:
দুর্গাপুরে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি সরিয়ে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে সরব হল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে মূর্তিটি পূর্বের স্থানে পুনঃস্থাপন করার দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস (West Bengal Congress)।পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

আসল ঘটনা (West Bengal Congress)
প্রদেশ কংগ্রেসের দাবি, দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুল সংলগ্ন একটি মেডিটেশন সেন্টারের সামনে নেহরুর মূর্তিটি ছিল। অভিযোগ, ক্রেনের সাহায্যে মূর্তিটি তুলে সেখান থেকে সরিয়ে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই জেলা কংগ্রেস নেতৃত্ব বিক্ষোভ দেখিয়েছে এবং প্রশাসনের কাছে মূর্তিটি যথাযথ মর্যাদার সঙ্গে পুনঃস্থাপনের দাবি জানিয়েছে।
আরও খবর
ঘটনার নিন্দা করে শুভঙ্কর সরকার বলেন, জওহরলাল নেহরু শুধু কংগ্রেসের নেতা ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, দেশের প্রথম প্রধানমন্ত্রী এবং আধুনিক ভারত নির্মাণের অন্যতম স্থপতি। তাঁর মূর্তি উপড়ে জঙ্গলে ফেলে দেওয়া হলে তা শুধু একটি মূর্তির অবমাননা নয়, স্বাধীনতা সংগ্রাম, দেশের ইতিহাস এবং গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতিও অসম্মান করা হয় বলে দাবি তাঁর।

উপযুক্ত শাস্তির দাবি (West Bengal Congress)
একইসঙ্গে ঘটনার পিছনে কারা রয়েছে, তা তদন্ত করে বের করার দায়িত্ব প্রশাসনের বলেও মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, কোনও রাজনৈতিক মতাদর্শের মানুষ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকলেও তাঁদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
শুভঙ্কর সরকারের বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের প্রথম প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার কারও নেই। ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের অবমাননার বিরুদ্ধে কংগ্রেস রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানান তিনি।
(West Bengal Congress)
অবিলম্বে নেহরুর মূর্তি পূর্বের স্থানে পুনঃস্থাপন এবং ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস। দাবি পূরণ না হলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।



