Election Bihar Karnataka
Bengal Liberty :
দেশজুড়ে ভোটের বাদ্যি। রাজ্যসভার ২৭টি আসন এবং তিন রাজ্যের বিধান পরিষদ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন (Rajya Sabha Election Schedule)। আজ, সোমবার (১ জুন), কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। সকাল ১১টা থেকেই সংশ্লিষ্ট আসনগুলির জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পর্ব শুরু হয়েছে।

আসন সংখ্যার খতিয়ান Rajya Sabha Election Schedule
নির্বাচন কমিশনের প্রেস নোট অনুযায়ী, মোট ১০টি রাজ্যের ২৪টি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যগুলি হল— অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ, কর্ণাটক এবং মিজোরাম।
এছাড়াও মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ওড়িশার মোট ৩টি আসনেও নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে, বিহারের ৯টি এবং কর্ণাটকের ৭টি বিধান পরিষদ আসনে দ্বিবার্ষিক নির্বাচন হবে। পাশাপাশি বিহারের একটি বিধান পরিষদ আসনে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।

দিনক্ষণ ও সময়সূচি
কমিশনের ডেপুটি ডিরেক্টর পি. পবনের অনুমোদিত বিজ্ঞপ্তিতে গেজেট নোটিফিকেশন জারির পাশাপাশি রিটার্নিং অফিসার ও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারদের নামও প্রকাশ করা হয়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৮ জুন, ২০২৬ (বিকেল ৩টা পর্যন্ত)। মনোনয়নপত্র যাচাই বা স্ক্রুটিনি হবে ৯ জুন, ২০২৬। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ জুন, ২০২৬।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ জুন, ২০২৬, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একই দিনে বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে এবং ফলাফল ঘোষণা করা হবে।
রাজ্যসভার শূন্য আসনগুলি পূরণের প্রক্রিয়া শুরু হওয়ায় রাজনৈতিক মহলে তৎপরতা বেড়েছে। পাশাপাশি বিহার ও কর্ণাটকে বিধান পরিষদের ক্ষমতার ভারসাম্য বজায় রাখার লড়াইও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর এখন রাজনৈতিক মহলের নজর আগামী ১৮ জুনের ভোটগ্রহণের দিকে।

