Madrasah Survey 2026
Bengal Liberty : রাজ্যের মাদ্রাসা শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র ও পরিকাঠামো খতিয়ে দেখতে বড়সড় সমীক্ষার নির্দেশ দিল নবান্ন। সরকারি, বেসরকারি, স্বীকৃত কিংবা অস্বীকৃত— সমস্ত ধরনের মাদ্রাসাই এই সমীক্ষার আওতায় থাকবে। গত ৫ই জুন এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর ।

খুঁটিনাটি তথ্য সংগ্রহের নির্দেশ (Madrasah Survey 2026)
নবান্নের নির্দেশ অনুযায়ী, প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় এই সমীক্ষা চালাতে হবে। জেলাশাসকদের আগামী ৫ই জুলাই, ২০২৬-এর মধ্যে এই সংক্রান্ত চূড়ান্ত সমন্বিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সরকারি নির্দেশিকার সংযুক্তি বা অ্যানেক্সচার (Annexure I & II) থেকে জানা গিয়েছে, এই সমীক্ষায় মাদ্রাসার অবস্থান, স্থাপনের বছর, ছাত্র-ছাত্রীর সংখ্যা (আলাদাভাবে ছাত্র ও ছাত্রী), শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা, প্রতিষ্ঠানটি আবাসিক কি না এবং সেখানে কী ধরনের কোর্স পড়ানো হয়— তার সমস্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হবে।

উদ্বেগের কিছু নেই, আশ্বাস প্রশাসনের (Madrasah Survey 2026)
নবান্ন সূত্রের খবর, মূলত প্রশাসনিক কারণে এবং মাদ্রাসা শিক্ষার একটি নির্ভরযোগ্য ডেটা ব্যাংক তৈরি করতেই এই উদ্যোগ। এর ফলে ভবিষ্যৎ শিক্ষানীতি নির্ধারণ এবং শিশু কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া সহজ হবে। একই সাথে কোনও প্রতিষ্ঠানে বেআইনি ক্রিয়াকলাপ থাকলে তাও চিহ্নিত করা যাবে। তবে এই সমীক্ষার কারণে কোনও মাদ্রাসা বন্ধ করা বা পড়ুয়াদের সরিয়ে দেওয়ার মতো কোনও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে না। বর্তমান শিক্ষাবর্ষে পঠনপাঠন একেবারে স্বাভাবিক নিয়মেই চলবে।

