Ind vs Afg, Day 1
Bengal Liberty, ৬ জুন ২০২৬ : দীর্ঘ ছয় মাস পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরল ভারত।(Ind vs Afg Day 1) টি-২০ বিশ্বকাপ ও আইপিএলের নজরকাড়া সাফল্যের পর, ক্রিকেটের ঐতিহ্যবাহী এই ফরম্যাটে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দিনেই চালকের আসনে ‘মেন ইন ব্লু’। ম্যাচ শুরু হওয়ার আগে সবার নজর ছিল অধিনায়ক শুভমন গিল, ওপেনার কেএল রাহুল এবং সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক ঋষভ পন্থের ওপর। দিনের শেষে এই তিন ব্যাটারই দারুণ সফল।

কেএল রাহুলের সেঞ্চুরির পাশাপাশি অধিনায়ক শুভমন গিলও পেয়েছেন শতরানের দেখা। সেই সঙ্গেই বিরাট কোহলিকে পেছনে ফেলে দ্রুততম ১০০০ টেস্ট রানের মাইলফলক স্পর্শ করলেন ‘প্রিন্স’ গিল। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন বাঁহাতি ব্যাটার ঋষভ পন্থ। প্রথম দিনের খেলা শেষে ৩ উইকেটে ৩৬৮ রান তুলে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে ভারত। অন্যদিকে, আফগানিস্তানের বোলাররা ভারতীয় ব্যাটারদের সামনে তেমন কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি।
আফগান বোলারদের মধ্যে একমাত্র মহম্মদ সালিম শাফি দুটি উইকেট নিতে পেরেছেন। বাকিরা আজ পুরোপুরি ব্যর্থ। ম্যাচের যা পরিস্থিতি, তাতে ভারত সম্ভবত অন্তত তিন দিন ব্যাটিং করে ৬০০-৭০০ রানের পাহাড় গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
আবারও গিলের শতরান(Ind vs Afg Day 1)
অধিনায়ক শুভমন গিলের ব্যাট থেকে এল টেস্ট ক্যারিয়ারের ১১তম শতরান। দীর্ঘ দিন ধরে টি-২০ ফরম্যাটে খেলার পর গিল কীভাবে পাঁচ দিনের ক্রিকেটের সাথে নিজেকে মানিয়ে নেবেন, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। কিন্তু সব সমালোচনার জবাব দিয়ে আজ তাঁর ব্যাট থেকে এল একটি রাজকীয় ইনিংস।
অন্যদিকে, কোচ গৌতম গম্ভীরের দেওয়া ‘গুরুমন্ত্র’ যে ঋষভ পন্থ বেশ ভালোভাবেই রপ্ত করেছেন, তাঁর ৭০ বলে ৫০ রানের অপরাজিত ইনিংসটিই তার প্রমাণ। সব মিলিয়ে প্রথম দিন থেকেই জয়ের লক্ষ্যে শক্ত কদমে এগোচ্ছে ভারত।

অবশ্য অনেক সমালোচকই বলতে পারেন, প্রতিপক্ষ দলটার নাম তো আফগানিস্তান! তবে ক্রিকেট খেলাটা খাতা-কলমে হয় না। মাঠের লড়াইয়ে যেকোনো দলই যেকোনো দিন অঘটন ঘটাতে পারে, আর আফগানিস্তান অতীতে বহুবার তার প্রমাণ দিয়েছে।
ব্যতিক্রমী দল নির্বাচন থেকে শুরু করে মাঠের আধিপত্য—সব মিলিয়ে আজকের দিনটি ভারতীয় ক্রিকেট ও সমর্থকদের জন্য বেশ স্মরণীয় হয়ে থাকল।

