Weather Update
Bengal Liberty, ৮ জুন :
দীর্ঘদিনের তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাংলার মানুষ (Weather Update)। প্রাক-বর্ষার সক্রিয়তাএবং বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্প প্রবেশের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। কোথাও ঝিরঝিরে, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও এই ভেজা আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে ১০ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)
সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘ ও রোদের লুকোচুরি চলছে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাবেই ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। আজ, সোমবার কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের মতে, আগে যে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা সুরাটগড় থেকে ক্যানিং হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল, তা বর্তমানে দুর্বল হয়েছে। পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত উপাদানের প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার প্রকোপও বাড়তে পারে। টানা বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।


