IAS Officers
Bengal Liberty, ১০ জুন :
বিজেপি সরকারের মন্ত্রীদের দফতর বণ্টনের জল্পনার মাঝেই রাজ্যের প্রশাসনিক স্তরে রদবদল করল নবান্ন (IAS Officers)। ১৮ জন আইএএস আধিকারিকের নতুন দায়িত্ব ও পদায়নের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। খাদ্য ও সরবরাহ, পরিবহণ, স্বাস্থ্য, নারী ও শিশুকল্যাণ, সেচ, পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরে এই পরিবর্তন আনা হয়েছে। শুধু সচিব বা প্রধান সচিব পদেই নয়, বেশ কয়েকজন আধিকারিককে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজে আরও গতি আনা, বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সরকারি পরিষেবা আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ব্যাপক রদবদল বলে মনে করছে প্রশাসনিক মহল (IAS Officers)।

গুরুত্বপূর্ণ দফতরগুলিতে নতুন মুখ (IAS Officers)
খাদ্য ও সরবরাহ দফতর : খাদ্য ও সরবরাহ দফতরের সচিব হিসেবে দায়িত্ব পেলেন জগদীশ প্রসাদ মীনা।
পরিবহণ দফতর : পরিবহন দফতরের প্রধান সচিব করা হয়েছে ড. রবি ইন্দর সিংহকে।
তথ্য ও সংস্কৃতি দফতর: রাজ্যপালের সচিব ড. সৌমিত্র মোহনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিবের দায়িত্বও দেওয়া হয়েছে।
খাদ্য ও সরবরাহ দফতরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে স্টেট গেজেটিয়ার্সের প্রধান সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। পরিবহণ দফতরের দায়িত্বে থাকা সুরেন্দ্র গুপ্তাকে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের প্রধান সচিব করা হয়েছে।

একাধিক দফতরে পরিবর্তন (IAS Officers)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসুকে নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের সচিব করা হয়েছে। আইসিডিএস-এর ডিরেক্টর রচনা ভগতকে শ্রম দফতরের সচিব পদে উন্নীত করা হয়েছে। অন্যদিকে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের সচিব মুক্তা আর্যকে সুন্দরবন বিষয়ক দফতরের সচিব করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আর. বিমলা।
এনএসএটিআই-এর অতিরিক্ত মহানির্দেশক রাজীব কুমারকে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের প্রধান সচিব করা হয়েছে। মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডেকে যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।একইসঙ্গে দিল্লিতে রাজ্যের প্রধান আবাসিক কমিশনার দুষ্যন্ত নারিয়ালাকে নতুন দিল্লিতে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনারের পাশাপাশি এনএসএটিআই-এর ডিরেক্টর জেনারেল এবং এসএনটিসিএসএসসি-র চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সেচ, পরিবেশ ও বিজ্ঞান-প্রযুক্তি দফতরেও রদবদল (IAS Officers)
রাজেশ কুমার সিনহাকে সেচ ও জলপথ দফতরের প্রধান সচিব করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতরে কর্মরত নন্দিনী চক্রবর্তীকে বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের পাশাপাশি আবাসন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন আধিকারিক নীলম মীনাকে পরিবেশ দফতরের প্রধান সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ভূমি রেকর্ড ও সমীক্ষা অধিকর্তা রণধীর কুমারকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব করা হয়েছে এবং অতিরিক্তভাবে অর্থ দফতরের সচিবের দায়িত্বও দেওয়া হয়েছে।

