US Iran War
Bengal Liberty : মধ্যপ্রাচ্যে পরিস্থিতি চরম ভয়াবহ রূপ নিয়েছে। ইরান এবং আমেরিকার মধ্যে শুরু হয়ে গিয়েছে সরাসরি সামরিক সংঘাত। সোমবার হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারকে ইরান ড্রোন দিয়ে গুলি করে নামায় বলে অভিযোগ। এর পালটা হিসেবে ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে মার্কিন যুদ্ধবিমান। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার একাধিক সেনা ঘাঁটিতে একযোগে হামলা চালাল ইরানও।
কেন খেপল আমেরিকা? (US Iran War)
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সোমবার তাদের একটি সামরিক হেলিকপ্টারকে ধ্বংস করে ইরান। যদিও হেলিকপ্টারের দুই পাইলটই সুরক্ষিত আছেন। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানান, আমেরিকার ওপর এই হামলার জবাব দেওয়া হবে। এর পরেই মার্কিন ফাইটার জেটগুলি ইরানের বন্দর আব্বাস, জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপে তীব্র বিমান হামলা চালায়। ইরানের রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়।

২১টি মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা (US Iran War)
আমেরিকার এই হামলার পর চুপ থাকেনি ইরানও। ইরানের ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস’ (IRGC) আমেরিকার ২১টি ঘাঁটিকে লক্ষ্য করে দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ে। জর্ডনে থাকা মার্কিন বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরকে নিশানা করেছে ইরান। ইরানের দাবি, তাদের মিসাইল জর্ডনের ঘাঁটিতে থাকা আমেরিকার অত্যাধুনিক এফ-৩৫ (F-35) যুদ্ধবিমানের হ্যাঙ্গার ধ্বংস করেছে।
কুয়েতের সেনা ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। কুয়েত ও বাহরাইনে এয়ার রেইড সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জর্ডন আকাশপথেই ইরানের ৫টি মিসাইল গুলি করে নামিয়েছে।

’অঞ্চল ছাড়ো’— আমেরিকাকে চরম হুঁশিয়ারি (US Iran War)
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব ও তুরস্কের বিদেশমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ইরান এই পালটা আঘাত করেছে। মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে আরাগচি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “নিজেদের সুরক্ষিত রাখতে চাইলে আমাদের এলাকা ছেড়ে চলে যাও।”
বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত যদি দ্রুত না থামে, তবে তা পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। যদিও ট্রাম্প দাবি করেছেন, পর্দার আড়ালে শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং দুই-তিন দিনের মধ্যে পরিস্থিতি শান্ত হতে পারে।

