Koyel Mallick
Bengal Liberty:
রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koyel Mallick)। ক্রমশ ভেঙে পড়ছে তৃণমূলের স্তম্ভ। প্রথমে সুখেন্দু শেখর, তারপর সুস্মিতা দেব, আজ ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। রাজনৈতিক মহলে বহুদিন কোয়েলের ইস্তফা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। আজ, সব জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন অভিনেত্রী তথা সাংসদ কোয়েল। বৃহস্পতিবার নিজের ইস্তফাপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেন কোয়েল মল্লিক। এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের মতো নেতারাও রাজ্যসভার সদস্যপদ ও দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে উচ্চকক্ষে তৃণমূলের সাংসদ সংখ্যা আরও কমে দাঁড়াল ৯-এ। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূলে ভাঙনের ছবি স্পষ্ট হয়েছে।

রাজনৈতিক চর্চা
বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে ‘নতুন তৃণমূল’ শিবির। একইভাবে লোকসভাতেও কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে একাংশ সাংসদ এনডিএতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছেন। এই আবহে কোয়েল মল্লিকের ইস্তফা তৃণমূলের জন্য আরও বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। ফেব্রুয়ারিতে তৃণমূল তাঁকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছিল। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই তার পদত্যাগ রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

