Abhisekh Banerjee
Bengal Liberty, ১১ জুন :
তিনবার সমন এড়িয়ে অবশেষে সই জাল মামলায় হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নির্ধারিত সময়ের অপেক্ষা না করেই সিআইডি দফতর ভবানী ভবনে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেরা শুরু হওয়ার পর কেটে গেছে প্রায় দু ঘণ্টা। এখনও ভবানী ভবনেই আছেন অভিষেক। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিট নাগাদ তাঁর গাড়ি ভবানী ভবনের চত্বরে প্রবেশ করে। সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর না দিয়েই তিনি প্রথমে সরাসরি ভিতরে চলে যান। পরে প্রথা মেনে প্রধান ফটকে ফিরে এসে উপস্থিতির নথিতে সই করেন। তারপর ফের সিআইডি দফতরে প্রবেশ করেন অভিষেক। সেই থেকে এখনও জেরার মুখোমুখি তিনি।

দিল্লি থেকে হাজিরা দিতে এসেছেন অভিষেক
বৃহস্পতিবার বিকেলেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন তিনি। বিকেল ৪টা ২০ মিনিট নাগাদ তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সরাসরি কালীঘাটের বাড়িতে যান অভিষেক। কিছুক্ষণ সেখানে থাকার পর সন্ধ্যে পৌনে ৬টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন। নির্ধারিত সময়ের আগেই সিআইডি দফতরে পৌঁছে যাওয়ায় রাজনৈতিক মহলে তাঁর এই পদক্ষেপ ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, বিধানসভায় ভুয়ো সই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট ৩ বার সমন পাঠিয়েছে সিআইডি। প্রতিবারই তাঁর বাড়িতে গিয়ে সমনের চিঠি দিয়ে এসেছেন আধিকারিকরা। তবে একবারও হাজিরা দেননি তিনি। প্রতিবারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। দিল্লিতে আছেন বলে আরও বেশ কিছুটা সময় চেয়েছিলেন। তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পৌঁছে গিয়েছিল সিআইডি টিম। ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে থাকা তৃণমূলের পার্টি অফিসে, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে তল্লাশি চালায় তাঁরা। সেইদিনই অভিষেকের হাজিরা দেওয়ার কথা থাকলেও এড়িয়ে গিয়েছিলেন তিনি। অবশেষে হাই কোর্টের নির্দেশে আজ তিনি ভবানী ভবনে হাজিরা দিতে গিয়েছেন।

