Kunal Ghosh
Bengal Liberty:
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সই কাণ্ডে রবিবার দ্বিতীয় বার তলব করেছে সিআইডি। ওই দিনই ভবানী ভবনে ডাকা হয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh)। বৃহস্পতিবার ছিল অভিষেকের প্রথম জিজ্ঞাসাবাদ। তারপর শুক্রবার নোটিস দেওয়া হয়েছে কুণালকে। অভিষেককে ডাকা হয়েছে বেলা ১২ টায়। কুণালকে যেতে বলা হয়েছে রবিবার বেলা আড়াইটেয়। এ বিষয়ে কুণাল বলেন, “হ্যাঁ আমাকে যেতে বলা হয়েছে। আমি নিজে হাতে চিঠি রিসিভ করেছি। আমি তদন্তে সবরকম সহযোহিতা করব।” সূত্রের খবর, কুণাল ছাড়াও বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে শুক্রবার কথা বলেছেন সিআইডি আধিকারিকেরা।

সিআইডির স্ক্যানারে কুণাল
এর আগে সইকাণ্ডে কুণালের বাড়ি গিয়ে বয়ান নিয়েছিল সিআইডি। অভিষেক এবং কুণালকে একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে ডাকা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। সই নিয়ে অভিষেকের সঙ্গে কুণালের বয়ানের ফারাক তৈরি হলে পরবর্তী তদন্ত প্রক্রিয়া কী ভাবে চলবে সেটাও দেখার। সই জালিয়াতি মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য ও প্রশ্ন। ইতিমধ্যেই এই মামলায় একাধিক বিধায়কের বয়ান রেকর্ড করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকেও। তদন্তকারীদের দাবি, তাদের কাছ থেকে পাওয়া তথ্যের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জবানবন্দির বেশ কিছু জায়গায় মিল পাওয়া যাচ্ছে না।
এর আগে অভিষেককে দীর্ঘ জিজ্ঞাসাবাদে বেশ কিছু উত্তর নিয়ে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারীরা। সিআইডির অনুমান, এখনও কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হচ্ছে। সেই কারণেই এবার দুই নেতাকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা জোরালো হয়েছে। রেজোলিউশন বুকের সই, সেই সইয়ের বৈধতা এবং কে বা কারা ওই নথি প্রস্তুত করেছিলেন এই প্রশ্নগুলির উত্তরই এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু।


