Iran vs New Zealand
Bengal Liberty, ১৬ জুন ২০২৬: মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৬:৩০ মিনিটে চলতি বিশ্বকাপের অন্যতম(Iran vs New Zealand) বহুচর্চিত দল ইরান, গ্রুপ ‘জি’-তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে। লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামের চিত্র দেখে মনে হচ্ছিল, গ্রুপ পর্বের ম্যাচ নয়, এ যেন ফাইনালের আগেই আরেক

ফাইনাল! স্টেডিয়ামের একটি আসনও খালি ছিল না। গ্যালারিতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা গেছে—একদল ইরানকে সমর্থন জোগাচ্ছিল, অন্যদল ছিল ইরানের তীব্র সমালোচনায় মুখর। আর তাদের মাঝেই গ্যালারির কিছু অংশে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের সমর্থকরা।
ম্যাচের আগেই জটিলতা(Iran vs New Zealand)
কিক-অফের আগেই মাঠের বাইরে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে। স্টেডিয়ামের বাইরে প্রায় ৩০০ থেকে ৫০০ জন ইরানি সমর্থক ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ম্যাচ শুরুর আগে ইরানের জাতীয় সংগীত বাজার সময় গ্যালারির একাংশ থেকে ‘বু’ ধ্বনি দেওয়া হয়।

এমনকি ইরানের পুরোনো পতাকা নিয়েও একদল সমর্থককে গ্যালারিতে দেখা যায়। নতুন পতাকা ও জাতীয় সংগীতকে সমর্থন না জানানোর এই ঘটনা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের শাসনের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ কি না—এই প্রশ্নকে ঘিরেই এখন তীব্র রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে।
প্রথমার্ধেই দাপুটে ফুটবল(Iran vs New Zealand)
তীব্র রাজনৈতিক ও যুদ্ধের প্রেক্ষাপট মাঠের বাইরে থাকলেও, ভেতরে দুই দল উপহার দিল রাজকীয় এক লড়াই। ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় দুরন্ত গোল করে ‘অল হোয়াইটস’দের এগিয়ে দেন জাস্ট। তবে ১-০ গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি ইরান। ৩২ মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণে রেজাইআন গোল পরিশোধ করে দলকে সমতায় ফেরান। এই গোলের পরেই যেন বিগত চার মাসের কষ্ট, যন্ত্রণা ও যুদ্ধের অভিশপ্ত স্মৃতি ভুলে এক নতুন দিগন্তের খোঁজ পেল ‘টিম মেল্লি’।
দ্বিতীয়ার্ধেও টানটান উত্তেজনা(Iran vs New Zealand)
বিরতির পর দুই দলই সমান আধিপত্য নিয়ে খেলা শুরু করে। নিখুঁত পাসিং আর রক্ষণভাগের জমাট লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেয়নি। ম্যাচের ৫৫ মিনিটে সুযোগের সদ্ব্যবহার করে আবারও গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন জাস্ট। তখন মনে হচ্ছিল, ২০১০ সালের পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড হয়তো জয় দিয়েই তাদের প্রত্যাবর্তন উদযাপন করবে।


কিন্তু নাটকীয়তা তখনও বাকি ছিল। এর ঠিক কিছু মিনিট পরেই সমতা ফেরায় ইরান। ৬৪ মিনিটে মোহেবির অনবদ্য গোলে স্কোরলাইন হয় ২-২। শেষ পর্যন্ত ৯০ মিনিটের টানটান উত্তেজনা শেষে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
ড্রয়ে ভরা পঞ্চম দিন(Iran vs New Zealand)
চলতি ফুটবল বিশ্বকাপের ইতিহাসের অন্যতম চমকপ্রদ ও অপ্রত্যাশিত এক দিন পার হলো। বিশ্বকাপের পঞ্চম দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের প্রতিটিই ড্র হয়েছে, তবে প্রতিটির সমীকরণ ছিল ভিন্ন। স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচটি ০-০ গোলে অমীমাংসিত থাকে। বেলজিয়াম বনাম মিশর ম্যাচটি শেষ হয় ১-১ ড্রয়ে, যেখানে দেখা গেছে আত্মঘাতী গোল। অন্যদিকে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচটিও ১-১ ব্যবধানে শেষ হয়। আর দিনের শেষ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের পয়েন্ট ভাগাভাগি হয় ২-২ গোলের রোমাঞ্চে। নানারকম ড্রয়ের সমীকরণেই স্মরণীয় হয়ে থাকল এবারের আসর।

নাটকীয় গ্রুপ ‘জি’(Iran vs New Zealand)
গ্রুপ ‘এইচ’-এর মতোই গ্রুপ ‘জি’-র পয়েন্ট টেবিলও এখন সম্পূর্ণ সমতায় দাঁড়িয়ে। নিউজিল্যান্ড, ইরান, বেলজিয়াম ও মিশর—প্রত্যেকের ঝুলিতেই রয়েছে ১টি করে পয়েন্ট। তবে গোল পার্থক্যে কিছুটা এগিয়ে থেকে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় স্থানে ইরান।
সময় যত গড়াচ্ছে, রোমাঞ্চকর সব ম্যাচের হাত ধরে এই বিশ্বকাপের মান ততই উঁচুতে উঠছে। আগামী দিনগুলোতে আর কী কী নতুন রূপকথা তৈরি হয়, এখন সেদিকেই নজর থাকবে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর।


