Portugal Formation 2026
Bengal Liberty, ১৬ জুন ২০২৬ : ফুটবলের ইতিহাসে যুগে যুগে নানা তারকাকে ঘিরে তুলনা ও বিতর্ক তৈরি(Portugal Formation 2026) হয়েছে। মারাদোনা না মুলার, ববি চার্লটন না জিনেদিন জিদান, কিংবা বর্তমান সময়ে কিলিয়ান এমবাপে না আর্লিং হালান্ড— এই বিতর্কের শেষ নেই। তবে আধুনিক ফুটবলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা নিঃসন্দেহে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিকে ঘিরেই। মাঠে তাঁদের লড়াই শেষ হলেও সমর্থকদের মধ্যে সেই বিতর্ক এখনও অব্যাহত।

আগামীকাল বিশ্বকাপ অভিযান শুরু করতে মাঠে নামছেন দুই কিংবদন্তিই। একদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা আলজেরিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে ভারতীয় সময় রাত ১০:৩০ মিনিটে গ্রুপ-কে-র ম্যাচে কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামবে পর্তুগাল। ৫২ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ফিরেছে কঙ্গো এবং সেই ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করবে রোনাল্ডোর দল।
কোচের রণকৌশল ও ফরমেশন (৪-২-৩-১)(Portugal Formation 2026)
বেলজিয়ামের দায়িত্বে থাকাকালীন একটি শক্তিশালী দল গড়ে তুলেছিলেন রবার্তো মার্তিনেজ। ২০২২ বিশ্বকাপে মরক্কোর কাছে হারের পর ফার্নান্দো সান্তোসের পরিবর্তে ২০২৩ সালে পর্তুগালের কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর তাঁর নেতৃত্বে পর্তুগাল ইউরোপীয় মঞ্চে ধারাবাহিক সাফল্য পেয়েছে, যার মধ্যে রয়েছে উয়েফা নেশনস লিগ জয়ও।


মার্তিনেজ সাধারণত ৪-২-৩-১ কিংবা ৩-৫-২ ফরমেশনে দল সাজাতে পছন্দ করেন। তাঁর কৌশলের মূল ভিত্তি হল বলের দখল ধরে রাখা, আক্রমণাত্মক ফুটবল খেলা এবং রক্ষণকে সুসংগঠিত রাখা। উইং-ব্যাকদের সক্রিয় অংশগ্রহণও তাঁর দলের অন্যতম বৈশিষ্ট্য। উইগান অ্যাথলেটিক, এভারটন, বেলজিয়াম এবং পর্তুগাল— সব দলেই তিনি একই ধরনের দর্শন অনুসরণ করেছেন।
রোনাল্ডোর শেষ সুযোগ(Portugal Formation 2026)
ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাফল্যের তালিকায় প্রায় সব বড় ট্রফিই রয়েছে। তবে বিশ্বকাপ এখনও তাঁর অধরা স্বপ্ন। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি ২২ ম্যাচে ৮ গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন।রোনাল্ডোই প্রথম পুরুষ ফুটবলার, যিনি টানা পাঁচটি বিশ্বকাপে— ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালে— গোল করে ইতিহাস গড়েছেন।


৪১ বছর বয়সেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন তাড়া করে চলেছেন তিনি। সেই স্বপ্নপূরণের মিশনে তাঁকে সঙ্গ দিতে প্রস্তুত ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, রাফায়েল লেয়াও-সহ পর্তুগালের একঝাঁক তারকা।
এবার কি লিওনেল মেসির পথ অনুসরণ করে বিশ্বকাপ জয়ের স্বাদ পাবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো? নাকি অধরাই থেকে যাবে তাঁর শেষ স্বপ্ন? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই মুখিয়ে রয়েছে গোটা ফুটবল বিশ্ব।


