Bengal Liberty:
কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শুধু কালীঘাটের হামলাই নয়, রাজ্যজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর এবং ‘ডিম-থেরাপির’ ঘটনাও তুলে ধরে তিনি কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তি ফেরানোর আবেদন জানিয়েছেন তিনি।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে সাংসদ সৌগত প্রথমেই মাওবাদী দমন অভিযানে কেন্দ্রের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান। এরপরই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরেন। তার অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সাংসদের
পাশাপশি, একের পর এক বিধায়কদের ওপর ডিম হামলার ঘটনাও রাজ্যের রাজনৈতিক পরিবেশকে অশান্ত করে তুলেছে বলে দাবি করেন তিনি। চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের উপর ডিম নিক্ষেপের ঘটনা। এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে সৌগত রায় দাবি করেছেন, একজন জনপ্রতিনিধির উপর এমন হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনি সংকেত।
আরও খবর
চিঠিতে তিনি আরও লেখেন, পশ্চিমবঙ্গে বিজেপি এখন ক্ষমতায় রয়েছে। তাই রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার সাংবিধানিক দায়িত্বও বর্তমান সরকারের। সেই দায়িত্ব পালন করে রাজনৈতিক হিংসা, হামলা ও অশান্তি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। সৌগত রায়ের এই চিঠি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।


