Suvendu Adhikari
Bengal Liberty: হাতে ঝাঁটা তুলে নিয়ে বুধবার সকালে পরিচ্ছন্নতা অভিযানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর কলকাতার ঐতিহাসিক বাগবাজারের ‘মায়ের ঘাট’-এ এই বিশেষ সাফাই কর্মসূচির আয়োজন করা হয় (Suvendu Adhikari)। রাজ্য সরকারের গঙ্গা দূষণমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবেই এই উদ্যোগ বলে দাবি প্রশাসনের। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব।
মায়ের ঘাটে পুজো ও সাফাই অভিযানের সূচনা:
মূল কর্মসূচি শুরুর আগে ঘাট সংলগ্ন মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। এরপর গঙ্গার তীরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি ও তাঁর সহকর্মীরা।
‘প্রধানমন্ত্রীর জন্য স্বচ্ছতার উপহার’
সাফাই অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “গোটা রাজ্যজুড়েই এই ধরনের পরিচ্ছন্নতা কর্মসূচি চলছে। সমাজ ও পরিবেশে স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজন। আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন। আমরা তাঁকে এই স্বচ্ছতার উপহার দিয়ে স্বাগত জানাতে চাই।”
নমামি গঙ্গা প্রকল্প নিয়ে পূর্বতন সরকারকে নিশানা (Suvendu Adhikari)
নমামি গঙ্গা প্রকল্প প্রসঙ্গে পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “পূর্বতন সরকারের নেতিবাচক মনোভাবের কারণে বাংলায় নমামি গঙ্গা প্রকল্পের কাজ

সঠিকভাবে এগোয়নি। গঙ্গাকে স্বচ্ছ ও পবিত্র রাখা আমাদের সকলের দায়িত্ব। আগামী দিনে গঙ্গাকে আরও নির্মল ও দূষণমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।”
তিনি জানান, এটি শুধুমাত্র প্রতীকী কর্মসূচি নয়; সারা বছর ধরেই ধারাবাহিকভাবে এই ধরনের অভিযান চলবে। সম্প্রতি কলকাতা পুরসভার সদর দফতরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘নমামি গঙ্গে’ প্রকল্পে আরও প্রায় ৫০০ কোটি টাকার কাজের সুযোগ রয়েছে। বুধবারের কর্মসূচিকে সেই উদ্যোগের সূচনা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
২১ জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
মুখ্যমন্ত্রী জানান, শুধু রেড রোডেই নয়, কলকাতার বিভিন্ন প্রধান রাস্তা এবং রাজ্যের একাধিক জেলায় একযোগে যোগাভ্যাসের আয়োজন করা হবে।
যোগ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য
যোগ দিবস প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “যোগ কেবল একটি ব্যায়াম নয়, এটি একটি জীবনচর্চা ও উৎসব। বাংলার সঙ্গে যোগচর্চার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং এই ক্ষেত্রে বাংলার অবদান গুরুত্বপূর্ণ।”
আগামী ২১ জুনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাঁর মন্ত্রিসভার সদস্যরা এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীের সফরকে ঘিরে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে।
আরও পড়ুন: পুষ্পা বাহিনীর গুণ্ডমিতে গ্রেফতার ৮, FIR জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে


